মিরপুরে 'অস্ট্রেলিয়ান' বাউন্স

শেরেবাংলা স্টেডিয়ামের মাঝখানে দুটি নেট। একটিতে ব্যাটসম্যানদের বল ধরে রানের লক্ষ্য বেঁধে দিচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আরেকটা উইকেট যেন পুরোপুরি অস্ট্রেলিয়ান! মাশরাফি বিন মুর্তজা-রুবেল হোসেনদের বল বাড়তি গতি নিয়ে উঠে আসছে বুকসমান উচ্চতায়। ব্যাটসম্যানরা সমানে খেলে যাচ্ছেন পুল-কাট। এমনকি থামিয়ে রাখা যাচ্ছিল না কাঁধের চোট কাটিয়ে কালই প্রথম ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিমকেও।
কিন্তু মিরপুরে হঠাৎ অস্ট্রেলিয়ান উইকেট আসল কোত্থেকে! বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কৃত্রিম বাউন্সি উইকেট বানাতে পুরোনো কৌশলই অবলম্বন করেছেন হাথুরুসিংহে। উইকেটের ওপর বিছিয়ে দিয়েছেন গ্রানাইটের স্ল্যাব। তাতে পড়েই অমন বাউন্স পাচ্ছিল পেসারদের বলগুলো। ওপেনার এনামুল হকের ভাষায়, ‘গ্রানাইট দেওয়ায় বল একটু স্কিড করছে, ব্যাটে দ্রুত আসছে। অনুশীলনের উইকেটে যদি বাউন্স থাকে, ব্যাটিং করার সময় বল স্কিড করে, তাহলে অস্ট্রেলিয়ায়ও আমাদের মানিয়ে নিতে সুবিধা হবে।’
কাল নেট প্র্যাকটিসের প্রথম দিনে অনুশীলন ছিল দুই বেলা। মাঝ বিরতিতে হওয়া সংবাদ সম্মেলনে এসেই ওই কথাগুলো বলছিলেন এনামুল। সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন সৌম্য সরকারও। বিশ্বকাপ দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান, তার ওপর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুজনেরই আছে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা। সংবাদ সম্মেলনের বেশির ভাগ প্রশ্নও হলো অস্ট্রেলিয়ান কন্ডিশনে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ নিয়ে।
এনামুল আগেই বলেছেন, তাঁর চোখে এই চ্যালেঞ্জটা বেশি নতুন বলে। কাল বললেন, অনুশীলন করেই আনতে হবে নতুন বলে খেলার দক্ষতা, ‘ওই সময়টা কীভাবে পার করা যায়, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমি। অনুশীলন করেই এটাতে উন্নতি করা সম্ভব। এখানে অনুশীলন করছি এবং অস্ট্রেলিয়ায় গিয়ে কিছু অনুশীলন ম্যাচ খেলব। ওখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’ অস্ট্রেলিয়ান কন্ডিশনে অনুশীলনের অপেক্ষায় আছেন সৌম্যও। তবে কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করছেন দেশেই, ‘শর্ট বল নিয়ে আমি এরই মধ্যে অনুশীলন শুরু করেছি।’ শুধু দলের সঙ্গে অনুশীলনে নয়, টেনিস বল ও প্লাস্টিকের একধরনের বল দিয়ে শট বল খেলার অনুশীলনটা তিনি করছেন নিজ উদ্যোগেও।
কন্ডিশন ভিন্ন বলেই ব্যাটিংয়ের মৌলিক বিষয়গুলো বদলানোর প্রয়োজন আছে বলে মনে হয় না সৌম্যর। বলের গুণ-মান বিচার করে খেলতে পারাটাকেই মনে করছেন আসল কাজ। তা ছাড়া তাঁর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। এটাকে আশীর্বাদ মানছেন সৌম্য, ‘উচ্চতার জন্য একটু হলেও সুবিধা পাব। বল বুঝে খেললে সমস্যা হওয়ার কথা নয়। বাউন্স যদি ভালো হয়, সেটা সব জায়গার জন্যই ভালো।’

‘ভালো’ বাউন্স বলতে সৌম্য স্বাভাবিক বাউন্সকেই বুঝিয়ে থাকবেন। একই কথা এনামুলের কণ্ঠেও, ‘স্বাভাবিক বাউন্সে আমাদের জন্য সুবিধাই হবে।’ অবশ্য ভারত-অস্ট্রেলিয়া সিরিজ আর বিগ ব্যাশের খেলা দেখে অস্ট্রেলিয়ার উইকেট নিয়ে ভয় যেন অনেকটাই দূর হয়ে গেছে তাঁর, ‘অনেকে বলতে পারেন, নাকের পাশ দিয়ে বল যাবে। আমি মনে করি এমন কিছুই হবে না। বিগ ব্যাশ, ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেখেছি। আমার মনে হয় বাউন্স ঠিক থাকবে।’
২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন এনামুল। বড়দের বিশ্বকাপেও সে রকম কিছু করে দেখানোর মতো বড় লক্ষ্য তাঁর নেই। তবে তিন বছর আগের সেই সাফল্য বাড়তি অনুপ্রেরণা তো হবেই। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতাটা তাঁর আছে, যা আছে সৌম্যেরও। এনামুল সেটিই মনে করিয়ে দিলেন, ‘সাকিব ভাই বিগ ব্যাশ খেলছেন। আমাদের দলে বেশ কিছু খেলোয়াড় আছে, যাদের ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। সবাই সবার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করছি। সবাই মোটামুটি জানেও কী করা উচিত, কী হতে পারে কিংবা আমরা কোন বিষয়গুলোর মুখোমুখি হব।’
এনামুল শুধু ব্যাটসম্যান হিসেবে দলে এলেও সৌম্যের হাতে বোলিংও আছে। কোচ যদিও আগেই বলে দিয়েছেন, তাঁকে দিয়ে পুরো ১০ ওভার বল করানোর পরিকল্পনা নেই, সৌম্য তার পরও প্রস্তুত, ‘যখন আমি ব্যাট হাতে নিই, তখন আমি ব্যাটসম্যান। যখন বল হাতে নিই, তখন আমি বোলার। যখন যেভাবে সুযোগ পাব, চেষ্টা করব ভালো কিছু করতে।’
পাশে বসে ওপর-নিচে মাথা ঝোঁকাচ্ছিলেন এনামুল। সৌম্যের কথাটা যে দলের সবারই হওয়া উচিত, যেন বোঝাচ্ছিলেন সেটাই।