মিরপুরের উইকেট এত 'জঘন্য' কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের প্রথম খেলায় উৎসব করেছে বোলাররা। ছবি: প্রথম আলো
দিনের প্রথম খেলায় উৎসব করেছে বোলাররা। ছবি: প্রথম আলো

সিলেটের উইকেটে নিয়মিত রান-উৎসব হয়েছে। চট্টগ্রামের উইকেটে প্রায়ই ম্যাচে ১৭০-১৮০ স্কোর হয়েছে, ২০০ রান ছাড়িয়েছে দুটিতে। অথচ আজ কী হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে? 

রংপুর রাইডার্স ৯৭ রানে অলআউট। সহজ লক্ষ্যটা তাড়া করতে নেমে ঘাম ছুটে গেল কুমিল্লা ভিক্টোরিয়ানসের! কিন্তু কেন ব্যাটসম্যানদের নাভিশ্বাস ছুটে গেল? দুই অধিনায়কের কাঠগড়ায় অবশ্যই উইকেট। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরাজিত দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘এমন উইকেটে কেউ খেলতে স্বচ্ছন্দবোধ করবে না’। বিজয়ী দলের অধিনায়ক তামিম ইকবাল গুনে গুনে তিনবার বললেন, ‘হরিবল, হরিবল, হরিবল’ উইকেট!
তামিম যখন ‘হরিবল উইকেট’ বলছেন পরের ম্যাচের জন্য তখন উইকেট প্রস্তুত করতে ব্যস্ত কিউরেটর গামিনি ডি সিলভা। কুমিল্লা অধিনায়কের কথাগুলো তাঁর কানে আগুনের হলকা হয়ে প্রবেশের কথা! উইকেট আর আউটফিল্ড—দুটিরই যে ত্রাহি মধুসূদন অবস্থা, গামিনি দায় এড়াতে পারেন না। শুধু আজ কেন, মিরপুরের উইকেটে যে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হয়, বিপিএলে নিয়মিত দেখা যায় সেটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবির দুই প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদের সঙ্গে কথা বললেন তামিম। কথার বিষয়বস্তু যে উইকেট, দূর থেকেই বোঝা যাচ্ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাও রাখঢাক রেখে বলেছেন। সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে তামিমের ক্ষোভের মাত্রাটা হলো আরও বেশি, ‘সব সময়ই যে অজুহাত দেওয়া হয়, অনেক খেলা হয় এই মাঠে। গত ১০ দিন কোনো খেলা হয়নি। ১০ দিন পর কেন এমন উইকেট? সেই (গামিনি) ভালো উত্তর দিতে পারবে।’
আজকের দুটি ম্যাচ নিয়েই দর্শকদের বিপুল আগ্রহ। ছুটির দিনে শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। টি-টোয়েন্টি মানেই যেখানে ধুমধাড়াক্কা ব্যাটিং, সেখানে দর্শকদের দেখতে হলো লো স্কোরিং ম্যাচ। দর্শকদের কথা চিন্তা করে খারাপই লাগছে তামিমের, ‘এই যে এত দর্শক এল। এত দর্শকের সামনে এক দল করল ৯৭ রান আর সেই রান টপকাতে আরেক দলকে শেষ ওভারে যেতে হলো। এটা খুব হতাশার। সবাই চায় বিপিএল আরেকটা ধাপে যাক। পরের ধাপে যেতে হলে উইকেট ভালো হতে হবে। এমন জঘন্য উইকেটে যদি খেলা হয়...!’
স্বাভাবিকভাবে মাশরাফিও অবাক উইকেটের এই বিচিত্র আচরণ দেখে। তাঁর কাছেও এই উইকেট গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে ভাবার সময় হয়েছে বলে মনে করেন রংপুর অধিনায়ক, ‘এ ধরনের উইকেটে টি-টোয়েন্টি খেলা আসলেই কঠিন। চট্টগ্রাম থেকে আসার পর এখানে এমন উইকেট অবশ্যই গ্রহণযোগ্য নয়। আমার কাছে মনে হয় এটা নিয়ে ভাবা উচিত। এ ধরনের উইকেটে টি-টোয়েন্টি খেলা কঠিন।’
উইকেট তো আছেই। মিরপুরের আউটফিল্ডও নেই আগের অবস্থায়। প্রায় নয় মাস সংস্কারকাজের পর এখনো আগের সবুজাভ ভাবটা আনা যায়নি। গত সেপ্টেম্বরে মিরপুরের আউটফিল্ডকে ‘বাজে’ পর্যন্ত বলেছে আইসিসি! আউটফিল্ড নিয়ে গামিনির দিকে আরেকবার তির ছুড়লেন তামিম, ‘সুন্দর আউটফিল্ডকে বাজে বানিয়ে দেওয়া হয়েছে। সিইওকে (বিসিবির প্রধান নির্বাহী) বলতে শুনেছিলাম, সময় দিলে এটা ভালো হয়ে যাবে। আশা করি ভালো হয়ে যাবে। আগের আউটফিল্ড ভালো ছিল। অনেক দ্রুত ছিল, দেখতেও ভালো লাগত। এখন দেখতেও ভালো লাগে না!’
মাসে প্রায় সাড়ে চার লাখ টাকা বেতন পান। আনুষঙ্গিক সুযোগ-সুবিধা তো আছেই। কিন্তু তাঁর কাছ থেকে কি সেরাটা পাওয়া যাচ্ছে? কিউরেটর গামিনির সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সময় হয়েছে।