মিরপুরের উইকেট 'জঘন্য' নয়, বললেন বিপিএল সদস্যসচিব

ম্যাচ কিংবা খেলোয়াড়দের পারফরম্যান্স ছাপিয়ে দুদিন ধরেই আলোচনায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট।
কালই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটকে কাঠগড়ায় তুলেছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। কোনো রাখঢাক না রেখেই মিরপুরের উইকেটকে ‘জঘন্য’ বলেছেন তামিম। আজও চিটাগং ভাইকিংস-সিলেট সিক্সার্সের ম্যাচ হলো লো স্কোরিং । এমনই লো স্কোরিং ম্যাচ, খেলা শেষ দুই ঘণ্টার মধ্যেই! ম্যাচ শেষে বিসিবির সহসভাপতি মাহবুব আনাম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়ে ছুটলেন উইকেটে। পরে নাকি আলোচনাতেও বসেছেন বিসিবির গ্রাউন্ডস বিভাগের সঙ্গে।
উইকেটে যে সমস্যা আছে, সেটা মনে করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক। তবে এটি যে ‘জঘন্য’, সেটি মানেন না তিনি, ‘এটি “জঘন্য” উইকেট নয়। এই উইকেটেই তাঁরা (মাশরাফি-তামিম) জাতীয় দলের হয়ে খেলে। তবে এটা ঠিক, এটি টি-টোয়েন্টির উপযোগী (প্রপার) নয়।’
যে স্টেডিয়ামকে বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ বলা হয়, সেই স্টেডিয়ামেই বিপিএলের মতো আয়োজনে কেন টি-টোয়েন্টি উপযোগী উইকেট হবে না! যেখানে সিলেট কিংবা চট্টগ্রামেই খেলা হয়েছে দারুণ উইকেটে—কিউরেটরের সামর্থ্য নিয়ে নয়, মল্লিক বরং প্রশ্ন তুললেন ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়েই, ‘কিউরেটরের সামর্থ্যের প্রশ্ন এখানে আসা অবান্তর। এই কিউরেটরের অধীনে গত চার বছর মাঠটা পরিচালিত হচ্ছে। এই মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানকে হারিয়েছি আমরা। দুটি টেস্টও জিতেছি। তখন এই সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠেনি। এখন একটি দল ৯৭ রানে অলআউট হয়েছে, ব্যাটসম্যানরা তাদের টেকনিক প্রয়োগ করতে পারেনি। কিউরেটরকে দোষ দিলে গ্রহণযোগ্য হবে না।’
কিন্তু সমস্যা হচ্ছে, গত কয়েক মাসে মিরপুরের মাঠ কিংবা উইকেট নিয়েই কেন বারবার প্রশ্ন উঠছে? উত্তরে বিসিবির প্রভাবশালী কর্তা একটু উত্তেজিতই হয়ে পড়লেন, ‘এখানে তো বাংলাদেশ দল খেলেছে। ম্যাচ জিতেছে। একই উইকেটে ২০৫ রান হয়েছে। আরেকটায় ৯৭ রান । এটা টি-টোয়েন্টির জন্য উপযোগী উইকেট না, সেটা আগেই মেনে নিয়েছি। আমাদের ব্যর্থতা আছে। আমাদের দেখতে হবে এটা আরও ভালো করা যায় কীভাবে, তবে উইকেট জঘন্য নয়।’