মিরপুরের ম্যাচও রিজার্ভ ডেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই অবিশ্রান্ত বর্ষণ। থামল ১১টার দিকে। মাঠ থেকে আচ্ছাদন সরিয়ে নেওয়ার পর ১টার দিকে রোদেরও দেখা মিলল। তাতেই মোটামুটি নিশ্চিত হওয়া গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক-কলাবাগান ক্রিকেট একাডেমি ম্যাচটা হচ্ছে! ২১ ওভারে নেমে আসা ম্যাচ শুরু হলো দুপুর ২টার দিকে।
ব্যাট করতে নেমেই প্রাইম ব্যাংকের বোলারদের তোপে খাবি খেতে লাগল কলাবাগান একাডেমি! চলল তাদের উইকেট হারানোর মিছিল। এমনিতে শুরু থেকেই ধুঁকছিল কলাবাগান একাডেমি। তবে তাদের মিডল অর্ডার ধসিয়ে দেওয়ার আসল কাজটা করেছেন মনির হোসেন। একটা সময় প্রাইম ব্যাংকের বাঁহাতি স্পিনারের বোলিং ছিল—২ ওভার, ২ মেডেন, ২ উইকেট! কলাবাগান একাডেমির সর্বোচ্চ ১৯ রান করা মেহেদী হাসানসহ তুলে নিয়েছেন তাপস ঘোষ ও বিশ্বনাথ হালদারের উইকেট। অসাধারণ বোলিং করেছেন মোহাম্মদ আজিমও। প্রাইম ব্যাংকের পেসার ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ২১তম ওভারের শেষ বলে একটি রানআউটের মাধ্যমে ৮৯ রানে অলআউট কলাবাগান একাডেমি।
একাডেমির ইনিংসের পরই আবারও শুরু হয় বৃষ্টি। ম্যাচ রিজার্ভ ডেতে নেওয়ার সিদ্ধান্ত হয় বিকেল ৪টার দিকে। ৯০ রান তাড়া করার চেয়ে আজ প্রাইম ব্যাংকের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। বৃষ্টি-বাগড়ায় খেলা না হলে কলাবাগান একাডেমির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হবে তাদের।

সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান সিএ–প্রাইম ব্যাংক, মিরপুর
কলাবাগান ক্রিকেট একাডেমি: ২১ ওভারে ৮৯ (মেহেদী ১৯, ইরফান ১২, তাপস ১২, প্রসেনজিৎ ১১, হালিম ১১; আজিম ৩/২৩, মনির ৩/১২, শিহান ১/১২)।
(অসমাপ্ত)

সিসিএস–মোহামেডান, ফতুল্লা
সিসিএস: ২৪.৫ ওভারে ১৪৯ (সালমান ৫৮, অমিত ২৪, উত্তম ২৩*; আরিফুল ৩/২৯, হাবিবুর ২/২৩, শুভাশিস ১/২২, নাঈম জু. ১/২৮, এনামুল জু. ১/৩২)।
মোহামেডান (লক্ষ্য ২৫ ওভারে ১৪৯): ২.২ ওভারে ১৩/০ (এজাজ ১২*, নাঈম ১*)।
(অসমাপ্ত)