মিরাজ-সাব্বিরদের নেয়নি কোনো দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলামে নাম ছিল তাঁদের। কিন্তু ওই পর্যন্তই। বেঙ্গালুরুতে কাল আইপিএলের দশম আসরের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটারকে নেয়নি কোনো দলই। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ—ছয়জনেরই ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি করে।
গত আইপিএলে নিলামে উঠেছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। মোস্তাফিজ ছাড়া বাকিরা ছিলেন অবিক্রীত। ২১ বছর বয়সী বাঁহাতি পেসারকে ১ কোটি ৪০ লাখ রুপিতে নিয়েছিল হায়দরাবাদ। গত আইপিএলে ‘সেরা উদীয়মান’ ক্রিকেটারের পুরস্কার পাওয়া মোস্তাফিজকে রেখে দিয়েছে হায়দরাবাদ। সাকিব আল হাসানকেও ধরে রেখেছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।
দলগুলোর বিদেশি খেলোয়াড় কোটা ফাঁকা থাকা শর্তে দল না পাওয়া খেলোয়াড়েরা পরে আবারও নিলামে উঠবেন। তবে আইপিএলের আগের নিলামগুলোর অভিজ্ঞতায় বাংলাদেশের অবিক্রীত খেলোয়াড়দের দল পাওয়া কঠিনই। তামিম-তাসকিনরা অবশ্য ‘সান্ত্বনা’ খুঁজে পেতে পারেন, ইশান্ত শর্মা, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, কলিন মানরো, ইমরান তাহির, ইশ সোধিদের মতো খেলোয়াড়দের এবার দল মেলেনি!
বেন স্টোকস যে হিরে-জহরত হয়ে উঠতে পারেন, তা অনেকটা অনুমিতই ছিল। ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে রাইজিং পুনে সুপারজায়ান্টস কিনে নিয়েছে সর্বোচ্চ ১৪ কোটি ৫০ লাখ রুপিতে। দ্বিতীয় সর্বোচ্চ দামি ইংলিশ ফাস্ট বোলার টাইমাল মিলস, তাঁকে কিনতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খরচ করেছে ১২ কোটি রুপি। ভিত্তিমূল্য ৫০ লাখ ইউরো থেকে ২৪ গুণ দাম বেড়েছে তাঁর! নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে কলকাতা কিনেছে পাঁচ কোটি রুপিতে। একই দামে কাগিসো রাবাদাকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। মজার ব্যাপার, দল পেয়েছেন আরব আমিরাতের খেলোয়াড় চিরাগ সুরি। ১০ লাখ রুপি ভিত্তিমূল্যে ডানহাতি এই ব্যাটসম্যানকে নিয়েছে গুজরাট লায়নস। সূত্র: ক্রিকইনফো।