মিরাজে ফিরেছে ১৩৩ বছরের পুরোনো স্মৃতি
ডারবান টেস্টে একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। স্বাগতিক দল হয়েও দক্ষিণ আফ্রিকা খেলায় দুজন স্পিনার। ম্যাচ এগোনোর সঙ্গে কিংসমিডের উইকেট স্পিনারদের সহায়ক হয়ে ওঠায় ফায়দা তুলে নেয় ডারবান।
বাংলাদেশের দুই ইনিংস মিলিয়ে মোট ১৪ উইকেট নেন কেশব মহারাজ ও সাইমন হারমার। সেখান থেকে শিক্ষা নিয়েই কি পোর্ট এলিজাবেথ টেস্টে দুজন স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ?
পোর্ট এলিজাবেথে উইকেট ম্যাচ এগোনোর সঙ্গে ব্যাটিং সহায়ক হয়ে ওঠে।ক্রিকইনফোর পিচ প্রতিবেদনে এমন সম্ভাবনার কথাই বলা হয়। টস হেরে বাংলাদেশকে আগে ফিল্ডিং করতে হয়েছে।
সকালে প্রথম দিনের প্রথম সেশনে উইকেটে কিছুটা আর্দ্রতা থাকলেও তা পেসারদের কাজে লাগানোর কথা। পেসার খালেদ আহমেদকে দিয়ে প্রথম ওভার করানো তাই স্বাভাবিক। কিন্তু পরের ওভারেই উইকেটের অন্য প্রান্ত থেকে বোলিং ওপেন করলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ! এই মাঠে টেস্টে কোনো স্পিনারকে বোলিংয়ে ওপেন করতে দেখা গেল ১৩৩ বছর পর!
টেস্ট হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেখানে পেসারদের আধিপত্য ঐতিহ্যগত। কিন্তু ডারবানে দুই দলের স্পিনাররা মিলে নিয়েছেন ২০ উইকেট, বিশেষ করে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার জয়ে পুরো কৃতিত্বই ছিল স্পিনারদের—এসব দেখেই কি আজ শুরুতেই মিরাজকে আক্রমণে এনেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক? যা ভেবেই নিয়ে আসুন না কেন, এর মধ্য দিয়ে শতাব্দী প্রাচীন এক নজিরও কিন্তু ফিরল গেবারার সেন্ট জর্জেস পার্কে।
মিরাজের আগে সেন্ট জর্জেস পার্কে সর্বশেষ কোনো স্পিনারকে বোলিংয়ে ওপেন করতে দেখা গেছে ১৮৮৯ সালের ১২ মার্চ শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্টে। সেদিনও টস হেরে আগে বল করে সফরকারী দল।
বাঁহাতি স্পিনার জন ব্রিগসের হাতে বল তুলে দেন ইংল্যান্ড অধিনায়ক অব্রে স্মিথ। অর্থাৎ জন ব্রিগসের পর প্রথম স্পিনার হিসেবে সেন্ট জর্জেস পার্কে বোলিংয়ে ওপেন করলেন মিরাজ। তবে ব্রিগসের সঙ্গে একটি অমিলও আছে মিরাজের। সেই টেস্টে ব্রিগস প্রথম ওভারটি করেছিলেন। এই টেস্টে মিরাজ করেছেন দ্বিতীয় ওভার।
ব্রিগসকে নাম অত পরিচিত না–ও ঠেকতে পারে। তবে যদি বলা হয়, টেস্টে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তিটা তাঁর এবং দুবার টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটা তাঁর দখলে ছিল, তাহলে হয়তো নামটা অনেকের মনে পড়তে পারে। ১৮৯৫ সালে প্রথমবার, এরপর ১৮৯৮ থেকে ১৯০৪ পর্যন্ত দ্বিতীয় দফায় রেকর্ডটা তাঁর দখলে ছিল।
আরও একটি বিষয় জানিয়ে রাখা ভালো, বোলিংয়ে ব্রিগসের ওপেন করা সেই টেস্ট ইংল্যান্ড ৮ উইকেটে জিতেছিল—ইতিহাসের এই ইঙ্গিতটা বাংলাদেশের সমর্থকদের আর যা–ই হোক খারাপ লাগবে না।
সে বছরই মার্চে কেপ টাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে নতুন বল হাতে পান প্রোটিয়া স্পিনার আলবার্ট রোজ-ইনেস। সাত বছর পর (১৮৯৬) জোহানেসবার্গ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে আবারও ম্যাচে বোলিংয়ের শুরু করেন আরেক প্রোটিয়া স্পিনার—জর্জ রোয়ে।
রোয়ে দক্ষিণ আফ্রিকায় আরও দুবার নতুন বলে বল করেছেন। কেপ টাউনে পরের টেস্টেও বাঁহাতি স্পিনার টেড টেলরকে দিয়ে বোলিংয়ে এক প্রান্ত থেকে ওপেন করায় ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে আরেকজন স্পিনারকে বোলিংয়ে ওপেন করতে দেখা যায় ১০ বছর পর। ১৯০৬ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে অন্য প্রান্ত থেকে ওপেন করেন প্রোটিয়া লেগ স্পিনার অব্রে ফকনার। ২৫ টেস্ট খেলা ফকনার তাঁর সময়ে সেরা অলরাউন্ডারদের একজন, একদম প্রথম দিকের বোলার হিসেবে লেগ স্পিনে গুগলিও করতেন।
দ্বিতীয় টেস্টে একই ভূমিকায় দেখা যায় ইংল্যান্ডের স্পিনার কলিন ব্লাইথকে। এই ব্লাইথ ১৯০৪ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার এবং প্রথম শ্রেণিতে আড়াই হাজারের বেশি উইকেট নিয়েছেন।
ব্লাইথের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরেকজন স্পিনারকে বোলিংয়ে ওপেন করতে দেখা গেছে ২৯ বছর পর। ১৯৩৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওভার করেছিলেন আর্নি ম্যাকরমিক।
অন্য প্রান্ত থেকে দ্বিতীয় ওভারটি করেন সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ান কিংবদন্তি বিল ও’রিলি। আজ মিরাজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেটাই ছিল কোনো স্পিনারের বোলিংয়ে ওপেন করার নজির।
অর্থাৎ বিল ও’রিলির ৮৭ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম স্পিনার হিসেবে বোলিংয়ে ওপেন করলেন বাংলাদেশের এই স্পিনার।