মিরাজের অপেক্ষায় পূজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা। অক্টোবর, ২০১৬। ইংল্যান্ড-বাংলাদেশ টেস্ট। এতটুকু বললেই একটি নামও স্মৃতিতে ভেসে ওঠে—মেহেদী হাসান মিরাজ। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পথে দুই ইনিংসেই ছয় উইকেট নিয়েছিলেন সেই সিরিজেই অভিষিক্ত মিরাজ। দুই টেস্টের সিরিজে ১৯ বছর বয়সী বাংলাদেশি স্পিনার নিয়েছিলেন ১৯ উইকেট।

মিরাজের সেই বোলিং দেখেছেন চেতেশ্বর পূজারাও। ভারতীয় ব্যাটসম্যান অপেক্ষায় আছেন মিরাজের মুখোমুখি হওয়ার, ‘ইংল্যান্ডের বিপক্ষে ওর বোলিং দেখেছি। দেখে ভালো বোলারই মনে হয়েছে। তবে যখন ওকে খেলব, তখনই ওকে নিয়ে বলতে পারব। ইংল্যান্ডের বিপক্ষে ও ভালো বোলিং করেছে, তবে সেটা ছিল ভিন্ন উইকেটে। অনেক টার্ন ছিল।’

হায়দরাবাদে বাংলাদেশ ভালোই লড়বে বলে অনুমান পূজারার, ‘ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বেশ ভালো খেলেছে। ওদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে ২০১৬ সালে আমরাও দুর্দান্ত ক্রিকেট খেলেছি। মাঠ যে রকম, তাতে কারও জন্যই সুবিধা-অসুবিধার কিছু নেই। কন্ডিশন এখানে ব্যাপার নয়, যারা ভালো খেলবে, তাদেরই সুযোগ থাকবে ম্যাচ জেতার।’ তবে দিন শেষে সুযোগ বেশি দেখছেন নিজ দলেরই, ‘আমাদের ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে, লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা মেরে খেলছে, ব্যাটসম্যানরাও দুর্দান্ত করছে...সম্ভাবনা অনুযায়ী খেলতে পারলে আমরাই ম্যাচে এগিয়ে থাকব।’ ফার্স্টপোস্ট