কাল দুর্দান্ত এক রান আউটের সাক্ষী হয়েছে ডারবানের কিংসমিড মাঠ। দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কিগান পিটারসন তখন উইকেটে প্রায় থিতু হয়ে ১৯ রান করে ফেলেছেন। তখন তাসকিন আহমেদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে বল ঠেলে দৌড়ালেন টেম্বা বাভুমা। দৌড় শুরু করেন নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা পিটারসনও। এমন সময় ভেলকি দেখান মিরাজ।
ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে মিরাজ বল ছুঁড়লেন স্ট্রাইকারের প্রান্তের স্টাম্পে। বল স্টাম্প ভেঙে দেওয়ায় পিটারসন কিছু বুঝে ওঠার আগেই রান আউট! মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কোর্টে বল ঠেলেছিলেন, কিন্তু সেটি রান আউটটি পুরোপুরি নিশ্চিত হতেই। ততক্ষণে উৎসব শুরু করে দিয়েছে বাংলাদেশ।
কাল দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এই রান আউটকে বললেন তাঁর দেখা অন্যতম সেরা রান আউট, ‘এটা আমার দেখা অন্যতম সেরা রান আউট।’ ডমিঙ্গো রান আউটের নায়ক মেহেদী হাসান মিরাজের প্রশংসায়ও হয়েছেন পঞ্চমুখ, ‘সে দুর্দান্ত এক ক্রিকেটার। ব্যাটে-বলে সে দুর্দান্ত। আমি তাঁর মানসিকতার প্রশংসা করবই। রান আউটটা এসেছে এমন একজন ক্রিকেটারের কাছ থেকে যে এ মুহূর্তে নিজের খেলা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এক সদস্য হয়ে উঠেছেন মিরাজ। খেলেছেন ৩১টি টেস্ট, ৫৮টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে নিয়েছেন ৬ উইকেট। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৬১ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যাট হাতেও করেন ১৯ রান। জোহানেসবার্গের দ্বিতীয় ম্যাচে দলের বিপর্যয়ের মুখে খেলেন ৩৮ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকা সফরের আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২১৬ রানের লক্ষ্যে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বসলে আফিফ হোসেনের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে অপরাজিত ১৭৪ রানের জুটি গড়েন মিরাজ। সে ম্যাচে মিরাজের অবদান ছিল ৮১।