মিরাজের কীর্তি ও ডিআরএসের মঈন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ উইকেট নিয়ে অভিষেকেই নিজেকে রাঙিয়েছেন মেহেদী। বাংলাদেশের তরুণ অলরাউন্ডারের সামনে আজ এই হাসি আরও বড় করার সুযোগ l ছবি: শামসুল হক
৫ উইকেট নিয়ে অভিষেকেই নিজেকে রাঙিয়েছেন মেহেদী। বাংলাদেশের তরুণ অলরাউন্ডারের সামনে আজ এই হাসি আরও বড় করার সুযোগ l ছবি: শামসুল হক

ফুলের তোড়াটা মেহেদী হাসান মিরাজের হাতে আগে তুলে দেওয়া যাক। বাকি কথা পরে হবে।

মাঠ ছাড়ার সময় তাঁর এক হাতে মাত্রই সকালে পাওয়া টেস্ট ক্যাপ। অন্য হাতে বল। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ উইকেট। সেটিও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিনেই!

প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২টি। তবে মেহেদী হাসান মিরাজ বললেই চোখের সামনে ভেসে ওঠে অনূর্ধ্ব-১৯ দলের ছবি। বয়সভিত্তিক সবগুলো দলের সিঁড়ি ভেঙে ভেঙেই তাঁর উঠে আসা। সব ছাপিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কই যেন মিরাজের আসল পরিচয়। বড় কারণ অবশ্যই এ বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দেশের মাটিতে যে আসরে ট্রফির স্বপ্ন দেখিয়েছিল মিরাজের দল। সেই স্বপ্ন পূরণ হয়নি, তবে সেরা খেলোয়াড়ের ট্রফিটা ঠিকই উঠেছে তাঁর হাতে। যার মানে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে তিনি বিশ্বতারকা।

তাতে কী! অনূর্ধ্ব-১৯ ক্রিকেট যদি নদী হয়, টেস্ট ক্রিকেট তো অথই সাগর। মিরাজের বোলিং দেখে যদিও তা বোঝার উপায় থাকল না। দ্বিতীয় ওভারেই তাঁর হাতে নতুন বল তুলে দিয়েছেন অধিনায়ক। ৬ ওভার শেষে মিরাজের বোলিং ফিগার: ৬-২-৬-২!

টেস্ট অভিষেকের দিনও তিনি অনূর্ধ্ব-১৯। এই টেস্টের পুরোটা সময় তা-ই থাকবেন। চট্টগ্রাম টেস্টে যদি পাঁচ দিন খেলা হয়, মিরাজের ১৯তম জন্মদিন আসবে টেস্ট শেষ হওয়ার পরের দিন। চোখেমুখে এখনো লেগে আছে কৈশোর, অথচ টেস্ট ক্রিকেটে প্রথম দিনই ৩৩ ওভারের দারুণ বোলিংয়ে অবলীলায় নদী আর সাগরকে এক করে দিলেন মিরাজ!

অভিষেক টেস্টেই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের আরও ছয় বোলার। এই দলেই আছেন তাঁদের দুজন—মাহমুদউল্লাহ ও তাইজুল। তবে আর কারও কীর্তিই মিরাজের মতো এত কম বয়সে নয়। টেস্ট ক্রিকেটে যাঁর প্রথম বলটিই বুঝিয়ে দিল, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই উইকেট ঘূর্ণি বলে তুর্কি নাচন নাচাবে ব্যাটসম্যানদের। টার্ন তো পেলেনই, সঙ্গে বাউন্সও। এই দুটিই তো একজন স্পিনারের সবচেয়ে বড় দুই অস্ত্র। দিন শেষে অবশ্য এর চেয়েও বড় হয়ে উঠল প্রায় সারা দিন দারুণ জায়গায় বল করে যাওয়ার ক্ষমতা।

যে কৃতিত্ব বাংলাদেশের বাকি দুই স্পিনারেরও প্রাপ্য। সাকিব আল হাসান ২ উইকেটে সেটির পুরস্কার পেলেও তাইজুলকে সান্ত্বনা খুঁজতে হচ্ছে দিনের সবচেয়ে মিতব্যয়ী বোলার হয়ে থাকাতেই। স্লিপে সাব্বির বেয়ারস্টোর সহজ ক্যাচটা ফেলে না দিলে সঙ্গে উইকেটও থাকত।

পরিসংখ্যানের চোখে সব উইকেটই সমান হতে পারে, কিন্তু গুরুত্বের বিচারে উইকেটেরও রকমফের থাকে। সেই বিচারে সবচেয়ে দামি দুটি উইকেটই সাকিবের। ছয় বছর আগে এই চট্টগ্রামেই অধিনায়কত্বে অভিষেকে ১৭৩ রানের এক ইনিংস খেলেছিলেন অ্যালিস্টার কুক। সেই চট্টগ্রামেই ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটি কেড়ে নিলেন অ্যালেক স্টুয়ার্টের কাছ থেকে। উপলক্ষটা এবার আর স্মরণীয় করে রাখতে পারলেন না সাকিবের কারণেই। ৪ রানে বোল্ড হয়ে ফেরা কুক নিজেকেই দায়ী করতে পারেন ওই ব্যর্থতার জন্য। বেন স্টোকসের এমন অপরাধবোধে ভোগার কারণ নেই। বড়জোর নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন তিনি। সাকিবের যে বলটিতে বোল্ড হয়েছেন, সেটি বাঁহাতি স্পিনারের স্বপ্নের বল।

শুধু ব্যক্তিগত ব্যাপার-স্যাপার নিয়েই কথা হচ্ছে। ম্যাচের বৃহত্তর ছবিটাও তো তুলে ধরা দরকার। সেই ছবিতে আসলে টেস্ট ক্রিকেটের জয়গান। প্রায় পনেরো মাস পর বাংলাদেশে ফিরল টেস্ট ক্রিকেট। কী সগৌরব প্রত্যাবর্তনই না হলো সেটির! এমন একটা দিনযে, দিন শেষে দুই দলই ‘বিজয়ী‘! টসে হেরে ফিল্ডিং করতে নামা বাংলাদেশ প্রথম দিনে ৭ উইকেট তুলে নেওয়াটাকে অবশ্যই ‘জয়’ ভাবতে পারে। প্রথম ঘণ্টায়ই ৩ উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ড যেমন ‘জয়’ দেখতে পারে ২৫৮ রানেই। উপমহাদেশে ইংল্যান্ডের অনেক কেলেঙ্কারি আছে, তবে ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা এই প্রথম। স্কোরটা ৩৫ রানে ৪ উইকেটও হয়ে যেতে পারত। মিরাজের বলে মঈন আলী এলবিডব্লু ছিলেন। আম্পায়ার দেননি, মুশফিকও রিভিউ নেননি।

বাকি সবকিছুকে আড়ালে ঠেলে দিয়ে মিরাজ এমন উজ্জ্বল হয়ে না উঠলে এই ‘রিভিউ’-ই হয়ে থাকত দিনের সবচেয়ে বড় আলোচ্য। অথবা মঈন আলী। ডিআরএস আর মঈন আলী যে এদিন সমার্থক! ৩ ঘণ্টা ৩৯ মিনিট উইকেটে থেকে ১৭০ বল খেলে ৬৮ রান করেছেন। অবিশ্বাস্যই বলতে হবে, তাঁকে ড্রেসিংরুমে ফেরাতে চার-চারবার আঙুল তুলতে হয়েছে আম্পায়ারকে! তিন-তিনবার তাঁকে এলবিডব্লু ঘোষণা করে আঙুল তুলেছেন আম্পায়ার কুমারা ধর্মসেনা। তিনবারই রিভিউ নিয়ে বেঁচে গেছেন মঈন আলী।

জীবন আর মৃত্যুর মাঝখানে একচিলতে করিডরে মঈনের তিনবার রুদ্ধশ্বাস অপেক্ষা মাত্র ১১ বলের মধ্যে। এতেই শেষ হলেও কথা ছিল। আম্পায়ার ভুল করে তাঁকে আউট দেননি—এই বিশ্বাসে বাংলাদেশ দুবার রিভিউ নিয়েছে। সেই দুবারও মঈনকে স্বস্তির গান শুনিয়েছেন টিভি আম্পায়ার।

বিড়ালের নাকি নয়টি জীবন থাকে! চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি যতটা মেহেদী হাসান মিরাজের, প্রায় ততটাই মঈন আলীর রূপ ধরে ওই প্রবাদের সত্যি হয়ে ওঠার।

প্রথম দিন শেষে

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৫৮/৭

>
সংখ্যায় সংখ্যায়

বাংলাদেশ–ইংল্যান্ড ১ম টেস্ট ১ম দিন
৭
বাংলাদেশের টেস্ট অভিষেকের পর গত ১৬ বছরে বাংলাদেশের বোলাররাই অভিষেকে সবচেয়ে বেশিবার ৫ উইকেট পেয়েছেন। টেস্ট অভিষেকে এ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬ বার ৫ উইকেট নিয়েছে অস্ট্রেলীয়রা।
৪র্থ
চতুর্থ সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্ট অভিষেকে ৫ উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ (১৮ বছর ৩৬১ দিন)। অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (১৮ বছর ১৯৩ দিন)।
১৪২
রেকর্ড গড়েই টেস্ট ক্রিকেটে ফিরলেন গ্যারেথ ব্যাটি। ১১ বছরে ১৪২ টেস্ট মিস করার পর আবার ইংল্যান্ড দলে সুযোগ পেলেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার। এর আগে সর্বোচ্চ ১১৪ ম্যাচ বাইরে বসে থাকার পর আবার টেস্ট খেলেছেন ইংল্যান্ডেরই মার্টিন বিকনেল।
১ম
টেস্টে ছয় বা তার নিচে ব্যাট করে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজারের বেশি রান করলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো।
১১
চট্টগ্রাম টেস্টে খেলা ইংল্যান্ডের ১১ জনেরই প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি আছে। এর আগে সর্বশেষ ১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টের ইংল্যান্ড দলের সবার প্রথম শ্রেণির সেঞ্চুরি ছিল। ৭৯-৮০-৮১ বাংলাদেশের ৭৯, ৮০ ও ৮১তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হলো কামরুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানের।
৩
২০০৮ সালে ডানেডিন টেস্টের পর এই প্রথম এক ম্যাচে তিনজনকে টেস্ট ক্যাপ দিল বাংলাদেশ। ৩/২১ টেস্টে এই প্রথম ৮৩ রানের নিচে ইংল্যান্ডের প্রথম ৩ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা।