
ঢাকা টেস্টে দুর্দান্ত জয়ের পর চট্টগ্রামে হেরে গেছে বাংলাদেশ। মুশফিকদের কাছে ‘বোঝার ওপর শাকের আঁটি’ হয়ে এসেছে মেহেদী হাসান মিরাজের চোট।
ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বলে ডান হাতের তর্জনী ও বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন মিরাজ। ম্যাচে যে পরিস্থিতি ছিল তাতে ব্যথা নিয়েই ব্যাটিং করতে হয়েছে তাঁকে। তারপরও ১৪ রানে অপরাজিত থেকে গেছেন। তবে ফিল্ডিংয়ে আর নামতে পারেননি। তাঁর জায়গায় ফিল্ডিং করেছেন লিটন দাস।
কাল সন্ধ্যায় এক্স-রে করা হয়েছে মিরাজের। বিসিবির চিকিত্সক দেবাশিস চৌধুরী বললেন, ‘এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি। সূক্ষ্ম চিড় থাকলে সেটা এক্স-রেতে ধরা না-ও পড়তে পারে। সাধারণত দুই-তিনের মধ্যে ব্যথা ও ফোলা কমে যাওয়া কথা। যদি ৭২ ঘণ্টায় ব্যথা না সারে তবে সিটি স্ক্যান করতে হবে।’
তবে পুরো দেশই এখন চাইছে মিরাজের চোটটা যেন গুরুতর কিছু না হয়। কারণ কদিন পরই বাংলাদেশ দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। দক্ষিণ আফ্রিকা সফরে শুরুতেই টেস্ট সিরিজ, ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে আরম্ভ প্রথম টেস্ট। দলে অপরিহার্য হয়ে ওঠা মিরাজকে এই সফরে আংশিকভাবে হারাতে হলেও সেটি হবে বড় ধাক্কা।