মিরাজের প্রশংসায় মঈনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৮ রানের ইনিংস খেলার পথে মঈন আলী l প্রথম আলো
৬৮ রানের ইনিংস খেলার পথে মঈন আলী l প্রথম আলো

পাঁচ-পাঁচটা রিভিউ বাঁচিয়ে দিয়েছে মঈন আলীকে। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের কাছে হার মানতে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানকে। টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়া মিরাজকে দিন শেষে অকুণ্ঠ প্রশংসাই করলেন মঈন।

অসাধারণ এক টার্নে বেন ডাকেটকে বোল্ড করে শুরু। মিরাজের শিকারের তালিকায় পরে যোগ হয়েছেন গ্যারি ব্যালান্স, জো রুট, মঈন আলী ও জনি বেয়ারস্টো। টেস্ট অভিষেকে ১৮ বছর বয়সী এই অফ স্পিনার যা করেছেন, তাঁকে স্তুতি করতেই হবে। মিরাজকে প্রশংসাবৃষ্টিতে ভেজাচ্ছেন মঈনও, ‘এই পিচ ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন। সে অসাধারণ বোলিং করেছে। তার মূল শক্তি জায়গায় বোলিং করা। এমন পিচে ভালো করতে আপনাকে জায়গায় বোলিং করতেই হবে। সে অসাধারণ বোলার। উজ্জ্বল ভবিষ্যৎ তার সামনে।’

কিন্তু এমন বিরুদ্ধ স্রোতে কীভাবে লড়াইটা চালিয়েছেন মঈন? ইংলিশ অলরাউন্ডার রাখঢাক না রেখেই বলছেন, ‘রিভিউ!’ সাকিব আল হাসানের ছয় বলে তিনবার তিনি বেঁচে গেছেন রিভিউর বদৌলতে। মঈনের অকপট স্বীকারোক্তিতে সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ল। পরক্ষণেই তিনি জানালেন, ধৈর্য আর মানসিক চ্যালেঞ্জটা নেওয়ার চেষ্টা করেছেন। যার ফল হিসেবে নামের পাশে ৬৮ রান, এশিয়ায় যেটি মঈনের সর্বোচ্চ।

২১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চাপেই পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে ইংল্যান্ডকে এগিয়ে নিতে মঈনের লড়াকু ইনিংসটার বড় অবদান। দিন শেষে ইংলিশদের রান ৭ উইকেটে ২৫৮। উইকেটের যে চরিত্র মঈন মনে করছেন, তাঁরা ভালো অবস্থানেই আছেন, ‘হ্যাঁ, আমরা ভালো জায়গায় আছি। একটা সময় আমরা বলছিলাম, এখানে ২৫০ রানও ভালো স্কোর। এরপর জনি ও আমি গুরুত্বপূর্ণ একটা জুটি গড়েছি (৮৮ রান)। জো (রুট) ভালো শুরু করেছে। কাল আমরা আরও রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। আশা করি, ৩০০-এর কাছাকাছি যেতে পারব।’

বাংলাদেশ স্কোয়াডে স্পিনারদের আধিক্য দেখে বোঝাই যাচ্ছিল, চট্টগ্রাম টেস্টের উইকেট হতে যাচ্ছে স্পিনবান্ধব। সেটির প্রমাণ পাওয়া গেছে কালই। বোলিং আক্রমণের শুরুতেই মিরাজকে এনেছেন বাংলাদেশ অধিনায়ক। ইংল্যান্ডের সব কটি উইকেটও নিয়েছেন স্পিনাররাই। মঈন অবশ্য ভাবেননি বাংলাদেশের স্পিনাররা এতটা দাপট দেখাবেন, ‘অনুমান করেছিলাম, স্পিনার দিয়ে তারা শুরু করবে। তবে ভাবিনি বল এতটা ঘুরবে।’