মিরাজের রেকর্ডের ম্যাচে দুর্দান্ত বাংলাদেশ

নিকো ড্যাভিনকে বাউন্ডারি মেরে নামিবিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করলেন জয়রাজ শেখ। ক্রিকেটীয় সৌজন্য মেনেই প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে মাঠ থেকে ফিরলেন দুই অপরাজিত ব্যাটসম্যান জয়রাজ ও নাজমুল হোসেন। তবে বাংলাদেশ যুবাদের মধ্যে দেখা গেল না বাড়তি কোনো উদ্যাপন কিংবা উচ্ছ্বাস। জয়টা যেন অনুমিতই ছিল। অথচ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারানো নামিবিয়া ম্যাচের আগে হুংকার ছুড়েছিল, তারা কাঁপিয়ে দিতে চায় বাংলাদেশকেও। মাঠে সেই সব হুমকিটুমকির কোনো প্রতিফলন দেখা গেল না। উল্টো কাঁপল নামিবিয়া।
সকালে টসে জিতে নামিবিয়াকে ব্যাটিং করতে পাঠিয়েছিল বাংলাদেশ যুব দল। শুরু থেকেই নামিবিয়া যুবাদের থরহরি কম্প দশা! ধারাবাহিকভাবে উইকেট হারানো দলটি ৩২.৫ ওভারে ৬৫ রানে অলআউট। বলার মতো জুটি হয়নি একটিও। তৃতীয় উইকেট জুটিতে ড্যাভিন-লরেন্স ২৭ রানের যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। দুই অঙ্কও ছুঁতে পেরেছেন এই দুজনই। আগের দুই ম্যাচের মতো কালও বাংলাদেশের বোলিং আক্রমণ ‘দশে মিলে করি কাজ’ স্লোগানে উজ্জীবিত। যথারীতি স্পিনাররাই রাখল বড় অবদান। সবচেয়ে উজ্জ্বল ৮ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট পাওয়া সালেহ আহমেদ শাওন।
স্বল্প রানের পুঁজি নিয়ে খেলতে নামা নামিবিয়ার শারীরিক ভাষা ছিল চমকে দেওয়ার মতোই। আক্রমণাত্মক ফিল্ডিং আর দুই পেসারের দারুণ বোলিংয়ে ১৩ রানেই ফিরে আসেন বাংলাদেশের দুই ওপেনার। অবশ্য নামিবিয়ার বোলিং-সাফল্য ওই পর্যন্তই। মামুলি লক্ষ্যটা এরপর অনায়াসে টপকে গেছেন জয়রাজ ও নাজমুল। লাঞ্চের আগেই খেলা শেষ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। কাল নিশ্চিত হলো শেষ আটের প্রতিপক্ষও। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ পরশু মিরপুরে খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ নেপালের সঙ্গে।
বাংলাদেশের প্রতি হুংকার ছাড়া নামিবিয়ার কোচ রাঙ্গারিরাই মানিয়ান্ডের কণ্ঠটা বেশ নরম শোনাল খেলা শেষে। বড় হারের পেছনে অনভিজ্ঞতাকেই বড় করে দেখলেন তিনি, ‘আমরা আইসিসির সহযোগী দেশ। প্রথমবারের মতো উপমহাদেশে খেলতে এসেছি। শুধু খেলোয়াড়েরা নয়, কোচিং স্টাফরাও প্রথম এসেছে। আমাদের কোচিং স্টাফ খুব অনভিজ্ঞও। আর আজ (কাল) বাংলাদেশের স্পিন আক্রমণ ছিল অসাধারণ। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
এমন একপেশে ম্যাচেও নামিবিয়ার ইনিংসের ৩৩ম ওভারে অবতারণা হলো দারুণ এক দৃশ্যের। মাঠে তখন ‘শ্বাসরুদ্ধকর উত্তেজনা’! ব্যাটিংয়ে নামিবিয়ার শেষ উইকেট জুটি। বোলিংয়ে এলেন মিরাজ। এর আগে ৭ ওভারে ১ উইকেট নিয়ে ভাগ বসিয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিমের করা যুব ওয়ানডের সর্বোচ্চ ৭৩ উইকেটের রেকর্ডে। নতুন রেকর্ড গড়তে বাংলাদেশের যুবা অধিনায়কের দরকার ছিল আর ১ উইকেট। শেষ পর্যন্ত তা হয়েও গেল। ওভারের পঞ্চম বলে ফন উইককে এলবিডব্লু করে মিরাজ হয়ে গেলেন যুব ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারি। ইমাদ রেকর্ডটা গড়েছিলেন ৪৯ ম্যাচে, মিরাজের লেগেছে ৫৩ ম্যাচ।
মিরাজ আত্মবিশ্বাসী ছিলেন রেকর্ডটা হয়ে যাবে। তবে কাল মাঠে নামার সময় মাথায় ছিল না সেই ভাবনা, ‘আত্মবিশ্বাস ছিল আজই (কাল) রেকর্ডটা হবে। তবে চাইলেই তো আর হয় না। শান্ত (নাজমুল) আমাকে বলেছিল, “রেকর্ডের কথা মাথায় থাকলে একটা উইকেটও পাবি না। স্বাভাবিক বোলিং করলে পাবি।” ও ঠিকই বলেছে। ওর কথা মেনেই এগিয়েছি।’
প্রকৃতির মায়ায় ঘেরা কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম দুই হাত ভরেই দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের যুবারা পেতে চান আরও বড় কিছু। হয়তো সে কারণেই, বিজয়োল্লাসে ভেসে না গিয়ে ম্যাচ শেষেই খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন কোচ মিজানুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর
নামিবিয়া অনূর্ধ্ব-১৯: ৩২.৫ ওভারে ৬৫ (ডেভিন ১৯, লরেন্স ১৭; হালিম ০/১৫, সাইফউদ্দিন ১/১৫, সালেহ ২/১০, মিরাজ ২/১২, আরিফুল ২/৯, সাইদ ১/২)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৬ ওভারে ৬৬/২ (পিনাক ০, সাইফ ৮, জয়রাজ ৩৪*, নাজমুল ১০*; কোয়েটজি ২/২০)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সালেহ আহমেদ।