মিলারের ছক্কা-বৃষ্টির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি ছক্কা হাঁকানোর পথে মিলার। ছবি: এএফপি।
আরও একটি ছক্কা হাঁকানোর পথে মিলার। ছবি: এএফপি।

ইনিংসের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা রীতিমতো ধুঁকছিল। হ্যামিল্টনের সিডন পার্কে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসা দলটি প্রথম ১০ ওভারে স্কোর বোর্ডে রান তুলেছিল মাত্র ২৮, গত ১০ বছরে একদিনের ক্রিকেটে এটা তাদের সর্বনিম্ন। দ্রুতই সাজঘরে ফিরেছিলেন কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্স।
কিন্তু ধ্বংস্তূপের মধ্যে দাঁড়িয়েই আজ বাজিমাত করলেন ডেভিড মিলার। তাঁর রেকর্ড ৯ ছক্কায় মাত্র ৯২ বলে সাজানো ১৩৮ রানের দুর্দান্ত ইনিংসই বদলে দিয়েছে প্রোটিয়াদের ভাগ্য। সঙ্গে যুক্ত হয়েছিলেন জেপি ডুমিনি। তাঁর ১০০ বলে ১১৫ রানের ইনিংসও তো কম গুরুত্বপূর্ণ নয়। তিনি তাঁর ইনিংসটি সাজান ৯ চার ও ৩ ছয়ে। পঞ্চম উইকেটে মিলার আর ডুমিনির পঞ্চম উইকেটে রেকর্ড ২৫৬ রানের অবিচ্ছিন্ন যুগলবন্দীতেই ৩৩৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে ছক্কার নতুন রেকর্ড গড়েছেন মিলার। তাঁর ৯ ছক্কা পেছনে ফেলেছে ২০০৭ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের ৮ ছক্কার অর্জনকে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে রিকি পন্টিং প্রথম ৮ ছয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়, ২০০৭ বিশ্বকাপেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে সেই রেকর্ডে ভাগ বসান পাকিস্তানের ইমরান নাজির। এরপর ফাইনালে গিলক্রিস্টের ব্যাট থেকে এসেছিল ওই ৮ ছক্কা, গিলির যে তাণ্ডবের রহস্য জানতে গিয়ে জানা গিয়েছিল গ্লাভসে স্কোয়াশ বল ঢুকিয়ে খেলার আশ্চর্য এক কৌশলের কথা।
এত দিন ৮ ছক্কা নিয়ে রেকর্ডে ভাগ বসাচ্ছিলেন তিনজন। আজ মিলার সবাইকে ছাপিয়ে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন। তাতেই ম্যাচের মাঝপথেই একরকম ম্যাচ থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে।
অথচ তাদের শুরুটা কী দুর্দান্তই না ছিল। ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে বসা দক্ষিণ আফ্রিকা আজ শঙ্কায় ছিল বড় ধরনের এক অঘটনেরই। ডেভ হোয়াটমোরকে কোচ বানিয়ে নিজেদের পাল্টে দেওয়া জিম্বাবুয়ে টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠিয়েই খেলার লাগাম নিজেদের হাতে নিয়ে নেন দ্রুত উইকেট তুলে নিয়ে। অঘটন-টঘটনের স্বপ্ন যাঁরা দেখছিলেন, তাঁদের বিব্রত করেই ডুমিনি আর মিলারের দুর্দান্ত জুটিতেই হ্যামিল্টনে নিজেদের ভাগ্য বদলে নিল দক্ষিণ আফ্রিকা।
কে জানে, এই জুটি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার মন্দ-ভাগ্য পাল্টে দিল কিনা!