মিলারের শটে চোখ হারাল পুলিশ

বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য এমনিতে ডেভিড মিলারের নামের পাশে ‘কিলার’ শব্দটা বসে গেছে অনেক দিন ধরেই। তবে মিলারের খুনে মেজাজ ২২ গজেই সীমাবদ্ধ। ঘুণাক্ষরেও তিনি ভাবতে পারেননি, তাঁর শটে চোখ হারাবেন কেউ! এমনটাই ঘটেছে আইপিএলে। ভুক্তভোগীর নাম অলক আইচ, কলকাতার পুলিশ সদস্য।
৯ মে ইডেন গার্ডেনসে কলকাতা-পাঞ্জাব ম্যাচে ঘটেছে ঘটনাটি। কলকাতা নগর পুলিশের পঞ্চম ব্যাটালিয়নের কমিশনার দেবাশিস সরকারের গাড়ি চালক অলক সেদিন বসেছিলেন ব্লক-জিতে। পাঞ্জাবের ইনিংসের শেষ ওভারে রাসেলকে উড়িয়ে মেরেছিলেন মিলার। ছক্কাটা লাগে একেবারে অলকের ডান চোখে! সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কয়েক দিন চিকিৎসার পর বৃহস্পতিবার চিকিৎসকেরা জানিয়েছেন, ডান চোখটি চিরতরে হারিয়েছেন ৫৩ বছর বয়সী এ পুলিশ সদস্য।
এ দুর্ঘটনায় আঁধার নেমে এসেছে অলকের পরিবারে। স্ত্রী রেনুকা ও ছেলে রানাকে নিয়ে বারাসাতে থাকেন তিনি। ২০১০ সালে স্নাতক সম্পন্ন করে রানা এখনো বেকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি ছিলেন অলক। বাবার এ দুর্ঘটনায় অকূলপাথারে পড়া রানা হতাশামাখা কণ্ঠে বললেন, ‘জানি না আমাদের কী হবে। ডান চোখ হারানোর পর জানি না সে আবারও গাড়ি চালাতে পারবে কিনা। কলকাতা পুলিশ অনেক সহায়তা করেছে। চিকিৎসার সব ব্যয় বহন করেছে।’
তবুও অনিশ্চিত ভবিষ্যৎ ভীষণ ভাবাচ্ছে রানাকে, ‘তারা কি বাবাকে চাকরিতে রাখবে নাকি স্বেচ্ছায় অবসর নিতে বলবে? বাবা চাকরি হারালে আমরা বাঁচব কী করে? আমাদের নিম্নমধ্যবিত্ত পরিবার। গোটা পরিবার নির্ভর করে তার উপার্জনের ওপর।’
অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় ভীষণ ব্যথিত মিলার নিজেও। প্রোটিয়া ব্যাটসম্যান টুইট করেছেন, ‘আমি এখনো শোকাহত। মি. আইচের চোখ হারানোর সংবাদ শুনে গভীরভাবে দুঃখিত। এটি এক অস্বাভাবিক দুর্ঘটনা! তাঁর জন্য প্রার্থনা করছি।’ তথ্যসূত্র: রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেস।