মিলে গেছেন আজহার-আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আমিরকে নিয়ে কত কাণ্ডই না হলো! প্রথমে তো হায় হায় রবই উঠল পাকিস্তানের ক্রিকেট মহলে। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞাই শুধু নয়, ইংল্যান্ডে জেল খেটে আসা মোহাম্মদ আমিরকে দলে নিলে পাকিস্তানের ক্রিকেটকেই দেওয়া হবে নেতিবাচক বার্তা—এমন কথা বলেছিলেন অনেক সাবেক ক্রিকেটারই। আরও এক ধাপ এগিয়ে মোহাম্মদ হাফিজ বলে দিলেন আমির যে দলে খেলবেন, সেই দলে তিনি খেলবেন না। ওয়ানডে অধিনায়ক আজহার আলী পদত্যাগের হুমকি দিলেন। দুজন ‘বিদ্রোহ’ করে বয়কট করেছেন পাকিস্তানের অনুশীলনও।
সব বাধা পেরিয়ে আমির পাকিস্তান দলে ফিরেছেন। জাতীয় দলেও ফেরা হয়ে গেছে টি-টোয়েন্টি দিয়ে। এ লেখা যখন পড়ছেন, নিউজিল্যান্ডের সঙ্গে শুরু হয়ে গেছে ওয়ানডে সিরিজ। ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে বাঁহাতি পেসারের খেলার কথা। কিন্তু ওয়ানডে তো আজহারের নেতৃত্বেই তাঁকে খেলতে হবে। আজহার জানালেন, সবকিছু মিটে গেছে, আর কোনো সমস্যা নেই।
ওয়েলিংটনে দলের অনুশীলন শেষে আমির প্রসঙ্গে আজহার বলেছেন, ‘দেখুন, আমরা সব সমস্যা পেছনে ফেলে এসেছি। আমরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ সামলানোর অপেক্ষায়।’ অধিনায়ক হিসেবে দলের মধ্যে সম্প্রীতি বজায় রাখাটাও যেহেতু তাঁর দায়িত্ব, তাই আমিরকে নিয়ে অতীতে কী বলেছেন, কী করেছেন তা নিয়ে আর মাথা ঘামাতে চান না আজহার, ‘আমার নীতিগত অবস্থান যা-ই থাক, আমার দায়িত্ব এখন দলকে নেতৃত্ব দেওয়া আর দলের ভেতর সম্প্রীতি বজায় রাখা।’
আমিরকে নিয়ে আজহার কি পুরোপুরি সন্তুষ্ট? পিসিবির সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া হিসেবে নিচ্ছেন না তো?
শহীদ আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন করে অভিষেকের স্বাদ পেয়ে গেছেন আমির। তিনটি টি-টোয়েন্টি ম্যাচে আমির ১০০ রান দিয়ে পেয়েছেন মাত্র ১ উইকেট। তবে আমিরের বোলিং নিয়ে আজহার সন্তুষ্ট, ‘আমির টি-টোয়েন্টিতে মোটামুটি ভালোই বল করেছে। আমি এখন ওর কাছ থেকে দলের স্বার্থে সেরাটাই বের করে আনতে চাই।’
সেরাটা বের করে আনতে চাইলে বোলারের কাঁধে অধিনায়কের আস্থার হাতটা রাখতে হবে। আজহার তৈরি তো? এএফপি।