মিল্নের বদলে হেনরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাট হেনরি
ম্যাট হেনরি

শুরু থেকেই বিশ্বকাপ খেলতে পারতেন। কিন্তু ম্যাট হেনরির জায়গায় নিউজিল্যান্ডের নির্বাচকেরা বেছে নিয়েছিলেন অ্যাডাম মিল্নেকে। সেই মিল্নে সেমিফাইনালের আগে ছিটকে পড়লেন চোটের কারণে। তাঁর জায়গায় অবশেষে দলে জায়গা হলো হেনরির। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর খেলাও প্রায় নিশ্চিত। তবে কিউইরা ম্যাচটা হেরে গেলে আবার এটাই হবে বিশ্বকাপে হেনরির একমাত্র ম্যাচ।
কয়েক সপ্তাহ ধরেই বাঁ পায়ের গোড়ালির চোটে ভুগছিলেন মিল্নে। এ কারণেই গ্রুপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাও খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেললেও পরশু পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গোড়ালির অবস্থা খুব একটা ভালো নয়। গোড়ালি ফুলে উঠেছে। টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না বলেই বদলি হিসেবে ম্যাট হেনরিকে দলে ডাকা হয়েছে।
টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের পাশে মিল্নের পারফরম্যান্স কিছুটা ম্লান হলেও তাঁকে হারানোটাকে বড় ক্ষতি বলছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ‘ওর গতি আমাদের পেস বোলিংয়ে বৈচিত্র্য এনেছে। যদিও সে খুব বেশি উইকেট পায়নি, কিন্তু অন্যদের উইকেট পেতে সাহায্য করেছে।’ তবে একদিক থেকে মিল্নের চোটটাই আবার শাপেবর হতে পারে নিউজিল্যান্ডের জন্য। বিশ্বকাপ দলে শুরুতে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন হেনরি। নিউজিল্যান্ডের ঘরোয়া চার দিনের টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ক্যান্টাবুরির হয়ে সর্বশেষ ৫ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটেও ৮ ম্যাচের ৭টিতে বোলিং করে ২১ উইকেট নিয়েছেন। এরই মধ্যে একবার ৫ উইকেট নিয়েছেন, দুবার নিয়েছেন ৪টি করে। বোঝাই যাচ্ছে, গতি মিল্নের মতো না হলেও উইকেট নেওয়ার সামর্থ্য তাঁর বেশ ভালো। অকল্যান্ডে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই বড় চমকই হতে পারেন হেনরি। ক্রিকইনফো।