
২০১৪ সালেও ‘প্রথম’ হওয়ার কাছাকাছি এসেছিলেন কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভারতীয় দলে থাকলেও সেবার অভিষেক হয়নি কুলদীপের। একটি ম্যাচ খেললেই ভারতের হয়ে খেলা প্রথম চায়নাম্যান বোলার হয়ে যেতেন। সেই কুলদীপের সামনে আবারও ‘প্রথম’ হওয়ার হাতছানি। অমিত মিশ্রর চোট যে তাঁকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে ভারতের ১৬ সদস্যের টেস্ট দলে।
কাল ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি মিশ্র। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন এই লেগ স্পিনার। তাঁর পরিবর্তেই ডাকা হলো ২২ বছর বয়সী কুলদীপকে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে ৩২ রানে ১ উইকেট নেওয়া কুলদীপ দ্বিতীয় ইনিংসে পরপর দুই বলে আউট করেছেন সৌম্য সরকার ও মুমিনুল হককে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে ৮১ উইকেট নেওয়া কুলদীপের একাদশে সুযোগ পাওয়াটা একটু কঠিনই। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদব—এই তিন স্পিনারও আছেন ১৬ জনের দলে। তথ্যসূত্র: ক্রিকইনফো।