মিসবাহ আছেন, মিসবাহ নেই

দুঃসময়ের সংজ্ঞা কী, তা এ মুহূর্তে মিসবাহ-উল-হকের চেয়ে ভালো কে জানেন! কচ্ছপগতির ব্যাটিংয়ের ধরন নিয়ে আগেও সমালোচনা হয়েছে অনেক, তবে এ বছরের ব্যর্থতায় হয়তো চমকে গেছেন নিজেও। ১০টি ওয়ানডেতে ২২.৫০ গড়ে করেছেন মাত্র ২২৫ রান, সর্বশেষ ৫ ইনিংসে স্কোর ১৩, ৩৬, ১৮, ০, ১৫! বয়সের ছাপ ফুটে উঠেছে ৪০ বছর বয়সী মিসবাহর আউট হওয়ার ধরনেও। ১০ ম্যাচে ৪ বারই হয়েছেন রানআউট! ব্যাট হাতে টানা ব্যর্থতার সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় অধিনায়ক মিসবাহর ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে ফিসফাস।
পরশুর ম্যাচ শেষে নিজে থেকেই সরে দাঁড়ানোর কারণটাও ব্যাখ্যা করলেন, ‘আমি নিজেই দলের ম্যানেজমেন্ট ও আফ্রিদিকে অনুরোধ করেছিলাম আমাকে না খেলানোর। কারণ সামনে আমাদের বেশ কিছু টেস্ট ম্যাচ আছে এবং আমি একেবারেই ফর্মহীনতায় ভুগছি। দল এতে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আর যেহেতু আমরা সিরিজ হেরে গেছি, আমার মনে হলো, ঠিক আছে, আরেকজন নাহয় আমার বদলে খেলুক। আমি বরং টেস্ট ম্যাচগুলোর দিকেই মনোযোগ রাখি, যেন ফর্ম ফিরে পাই।’ এর পর যা বলেছেন, তাতে মিসবাহর মানসিক অবস্থারও একটা আভাস পাওয়া যাবে, ‘পরিস্থিতি এমন ছিল যে, মনে হচ্ছিল, আমার পরিবর্তে যে-ই খেলুক দলের জন্য সেটিই ভালো হবে!’
একটা অবধারিত প্রশ্নও উঠছে এতে। মিসবাহ কি তাহলে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন? এমন কোনো চিন্তা নেই জানিয়ে তিনি উত্তর দিয়েছেন, ‘অবশ্যই আমাকে আগামী চার-পাঁচটি টেস্ট ম্যাচে দৃষ্টি রাখতে হবে। কারণ রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে সবার আগে দল ও পাকিস্তানের স্বার্থ। যদি ফর্ম ফিরে পাই, রান পেতে থাকি, তাহলে অবশ্যই আমি থাকছি। কিন্তু যদি এমনটা না হয়, তবে দলকে আমি কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারি না। তখন সিদ্ধান্ত নিতে হবে ভিন্ন কিছুর।’
বিশ্বকাপ মাত্র চার মাস দূরে। মিসবাহকেও বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক ঘোষণা করে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এখনই ভিন্ন কিছু ভাবার কারণ দেখছেন না, ‘আমরা ওকে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছি। এ জন্য আমরা সমালোচিতও হয়েছি এবং এখনো হচ্ছি, যেহেতু ও রান পাচ্ছে না। কিন্তু আমরা দৃঢ়ভাবেই বলছি, আমাদের সমর্থন ও পাবে এবং মিসবাহই নেতৃত্ব দেবে।’ মিসবাহ নিজে সরে যেতে চাইলে অবশ্যই ভিন্ন কথা। পিসিবি-প্রধান পরিষ্কার করে দিয়েছেন তাও, ‘যদি তার মনে হয় সে নেতৃত্ব দিতে চাচ্ছে না, তাহলে সিদ্ধান্ত তারই। আমরা তাকে বলেছি, তোমাকে আমরা ছুড়ে ফেলব না।’ এএফপি, ক্রিকইনফো।