১-১ সমতায় থাকা সিরিজের শেষ টেস্ট; আগ্রহটা শুধুই সিরিজের জয়-পরাজয় নির্ধারণ নিয়েই থাকার কথা। তা আছে, তবে ডমিনিকায় কাল শুরু হওয়া টেস্টটায় সব আগ্রহের কেন্দ্রে থাকল দুটি নামও-মিসবাহ-উল-হক ও ইউনিস খান। এই টেস্টটাই যে তাঁদের শেষ!
আর শেষ টেস্টে কিনা বৃষ্টির অভ্যর্থনা পেলেন মিসবাহ-ইউনিস। টস হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তান প্রথম সেশনে করে ১ উইকেটে ৭০ রান। বৃষ্টি এল এরপরই। বৃষ্টি থামার পর দ্বিতীয় সেশনে ২ ওভার খেলা হতেই আবার বৃষ্টি। এই প্রতিবেদন লেখার সময় খেলা আর শুরু হয়নি। ওই ১ উইকেটেই পাকিস্তান করেছে ৭৫ রান। আজহার ৩৮ রানে অপরাজিত ছিলেন, বাবর ২৬ রানে।
পাকিস্তান প্রথম উইকেট হারায় ১৯ রানে। রোস্টন চেজের চতুর বোলিংয়ের শিকার হয়ে ফেরেন বাঁহাতি ওপেনার শান মাসুদ (৯)। অফ স্ট্যাম্পের বাইরের বল মাসুদ ছেড়ে দিচ্ছিলেন, প্রতিটি বলেই লাইন বদলে তাই একটু একটু করে ভেতরে ঢোকাচ্ছিলেন অফ স্পিনার চেজ। তাতেই সাফল্য, মাসুদের ব্যাটের কানায় লেগে বল দ্বিতীয় স্লিপে! তথ্যসূত্র: টেন ৩।