টেস্টে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে পাকিস্তান। ৪৯ টেস্টের ১৮টিতে জয়। ১৬টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দেশের আরেকটি সিরিজ শুরুর আগে অবশ্য এই পরিসংখ্যানও প্রেরণা হতে পারছে না পাকিস্তানের। আজ থেকে শুরু তিন টেস্টের সিরিজটি যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে! যেখানে দুই দলের অতীত লড়াইয়ের রেকর্ডে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান সফরে কখনো টেস্ট সিরিজ তো জিততে পারেইনি পাকিস্তান, টেস্ট জয়ই হাতে গোনা—২৩ টেস্টে মাত্র ৫টি।
সাদা পোশাকে পাকিস্তানের সাম্প্রতিক ফর্মটাও ভালো নয়। গত বছর ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের একে উঠে এলেও এক সপ্তাহের বেশি সেখানে থাকা হয়নি। বর্তমান র্যাঙ্কিংয়ে পাঁচে নেমে যাওয়া পাকিস্তান গত ছয় টেস্টের সব কটিতেই হেরেছে। চলতি সফরে তিন দিনের প্রস্তুতি ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ১৯২ রানে। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হলেও পাকিস্তানকে এটি কোনো শুভ বার্তা দেয়নি।
তারপরও আজ থেকে কিংস্টনের স্যাবাইনা পার্কে শুরু টেস্ট সিরিজে ভালো কিছু করতে চায় পাকিস্তান। আর সেটি দলের বিদায়ী দুই ব্যাটিং স্তম্ভ অধিনায়ক মিসবাহ-উল-হক ও ইউনিস খানের জন্য। দুজনই ঘোষণা দিয়েছেন, এটাই তাঁদের শেষ সিরিজ। একে তো ইতিহাস গড়ার হাতছানি, তার ওপর দুই সতীর্থের বিদায়ী উপহারের জন্য দল হিসেবে সর্বোচ্চটা দিয়েই সিরিজ জয়ের চেষ্টা করবে পাকিস্তান। দলের পরীক্ষিত দুই নির্ভরতা মিসবাহ ও ইউনিসের সাফল্যে শেষটা রাঙানোর একটা ব্যাপার তো থাকছেই।
পাকিস্তান সিরিজ জিততে পারবে কি না সেটি অনিশ্চিত, তবে এটা একরকম নিশ্চিত টেস্টের দশ হাজারি ক্লাবে প্রথম পাকিস্তানি হিসেবে নাম লেখাতে যাচ্ছেন ইউনিস খান। ১১৫ টেস্টে ইউনিসের রান ৯৯৭৭। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক ছুঁতে দরকার আর মাত্র ২৩ রান।
টেস্ট শুরুর সঙ্গে সঙ্গে একটা মাইলফলকে পা রাখছে ভেন্যু স্যাবাইনা পার্কও। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দেখা এই ভেন্যুতে এটি ৫০তম টেস্ট। এএফপি।