মিসবাহ এখনই কেন?

খুব কম খেলোয়াড়ের ক্ষেত্রেই এমনটা ঘটে। অবসরের সময় খুব কম খেলোয়াড়ের শোনার সৌভাগ্য হয়, ‘কেন যাচ্ছ?’ আর কটা দিন থেকে গেলে পারত না—এমন আক্ষেপ হয় খুব কম খেলোয়াড়কে নিয়েই। নিজেকে এখন সেই বিরল খেলোয়াড়দের একজনই ভাবতে পারেন মিসবাহ-উল-হক। তাঁর অবসরের গুঞ্জন ওঠার পর থেকেই ‘যেতে নাহি দিব’, ‘যেতে নাহি দিব’ বলে যাচ্ছে পাকিস্তান!
সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ব্যাপারে খোলাসা করে কিছুই বলেননি মিসবাহ। শুধু আভাস দিয়েছিলেন, ডিসেম্বরে ভারতের বিপক্ষে যে সিরিজটি হওয়ার কথা ছিল, সেটিতে খেলেই বিদায় বলে দিতে পারেন। কিন্তু সম্প্রতি এটা নিশ্চিত হয়ে গেছে যে শিগগিরই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। তাহলে কি ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই শেষ করছেন মিসবাহ?
সরাসরি এখনো কিছু বলছেন না পাকিস্তানের টেস্ট অধিনায়ক। পরশু ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক কলামে লিখেছেন, ‘সত্যি বলতে, আমি এখনো মনস্থির করিনি। আমি জানি না ভারতের বিপক্ষে সিরিজটা হবে, নাকি আমরা বিকল্প কোনো সিরিজ খেলব। তাই কোনো সিদ্ধান্তও নিইনি।’
পাকিস্তানও অবশ্য তাঁকে এখনই ছাড়তে রাজি নয়। লাহোরে কাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা তাকে অনুরোধ করেছি, যদি সে অবসরের কথা ভেবে থাকে, সেটা আরও বছর খানেক পিছিয়ে দিতে।’
আগামী বছর চার টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে পাকিস্তান। ২০১৬-১৭ মৌসুমে তিন টেস্টের সিরিজ আছে অস্ট্রেলিয়ার বিপক্ষেও। পিসিবি চায় ওই দুটি সফর পর্যন্ত যাতে থাকেন মিসবাহ। শাহরিয়ার খান যেমন বললেন, ‘আমরা বিশ্বাস করি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক ও একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তাঁর উপস্থিতি দলের জন্য অমূল্য হবে।’
মিসবাহ অবশ্য ক্রিকইনফোকে বলেছেন, তাঁকে অনেক কিছু নিয়েই ভাবতে হচ্ছে। কারণ এটা খুবই কঠিন সিদ্ধান্ত, সম্ভবত সবচেয়ে কঠিন। আগামী এক-দেড় মাস নিজেকে বিশ্লেষণ করবেন, দলে কতটা অবদান রাখতে পারবেন সেটা ভাববেন। যে সিদ্ধান্তই নেন, সবাইকে জানাবেন শিগগিরই।
২৭ বছর বয়সে তাঁর টেস্ট অভিষেক ২০০১ সালে। কিন্তু প্রায় তিন বছরে মাত্র ৫টি টেস্ট খেলার পর দল থেকে ছিটকে যান। ফেরেন প্রায় ৪ বছর পর। ফিক্সিং কেলেঙ্কারি ও অন্তর্দ্বন্দ্বে বিভক্ত পাকিস্তান দলের টেস্ট অধিনায়কত্ব পান ২০১০ সালে। তখন তাঁর বয়স ৩৬ পেরিয়েছে! কিন্তু পরের পাঁচ বছরে ওই দলটাকেই তিনি এমন জায়গায় নিয়ে গেছেন যে, এখন মিসবাহ ছাড়া পাকিস্তানের টেস্ট দল বোধ হয় কল্পনাও করা যায় না। ৪১ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ১৯টিতে, হার ১১টি। ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদকে পেরিয়ে এখন মিসবাহই পাকিস্তানের ইতিহাসে সফলতম টেস্ট অধিনায়ক। টেস্টে তাঁর ক্যারিয়ার গড় যেখানে ৪৮.৭৭, সেখানে অধিনায়ক হিসেবে গড় ৫৬.৭৫। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের টেস্ট সিরিজে হারানো প্রথম উপমহাদেশীয় অধিনায়ক তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৪ বা তার বেশি টেস্টজয়ী একমাত্র এশিয়ান অধিনায়কও মিসবাহ।
৪১ পেরিয়েও এই ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দুই টেস্টে একটি সেঞ্চুরি আর দুটি ফিফটি করেছেন। এমন অধিনায়ককে এখনই কেন যেতে দিতে চাইবে পাকিস্তান? এএফপি, ক্রিকইনফো।