মিসবাহ চটেছেন বাংলাদেশের ওপর

>জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। সফরে তিনটি টি–টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা। কিন্তু বিসিবি জানিয়েছে, তারা পাকিস্তান সফরে টেস্ট নয়, কেবল টি–টোয়েন্টি খেলতে আগ্রহী। এতে খেপেছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ–উল–হক
বাংলাদেশের ওপর চটেছেন মিসবাহ-উল-হক। বাংলাদেশ কেন টেস্ট খেলতে পাকিস্তানে যেতে চাচ্ছে না, তা নিয়েই খেপেছেন পাকিস্তান কোচ। দলটির সাবেক অধিনায়ক গতকাল করাচিতে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ওরা কেন (টেস্ট খেলতে) আসতে চাচ্ছে না, আমি বুঝতে পারছি না। ওরা এখানে এসে টি-টোয়েন্টি খেলতে চাইছে কিন্তু টেস্ট খেলতে চাইছে না, আমি এতে কোনো যুক্তি খুঁজে পাই না।’
নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের পাকিস্তানে টেস্ট খেলতে না চাওয়াটাকে খোঁড়া যুক্তি মনে করছেন মিসবাহ, ‘অন্য দলগুলো যখন এখানে এসে কোনো সমস্যা ছাড়াই খেলছে, ওরা তখন টেস্টে আমাদের এড়াতেই খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছে।’
গতকালই ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, পিসিবিপ্রধান এহসান মানি নাকি গত সপ্তাহে বিসিবিকে ই-মেইলে জানিয়ে দিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে না তাঁর দেশ। এফটিপি অনুযায়ী পাকিস্তানে বাংলাদেশের তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা থাকলেও বিসিবি পিসিবিকে জানিয়েছে, টি-টোয়েন্টি ম্যাচগুলো বাংলাদেশ পাকিস্তানে খেলতে রাজি আছে। তবে টেস্ট দুটি খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে।