মিসবাহ দেখছেন সমান সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসবাহ-উল হক
মিসবাহ-উল হক

জয়ের স্বাদ কেমন এবার বাংলাদেশ সফরে এসে যেন ভুলেই গেছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু, তারপর ওয়ানডে, টি-টোয়েন্টি সব ম্যাচেই মাথা নিচু পাকিস্তানের। বাকি ছিল টেস্ট। খুলনায় প্রথম টেস্টে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ ড্র করেছে বাংলাদেশ। স্বাগতিক দলের দুর্দান্ত দাপটে টালমাটাল পাকিস্তান দল। আজ শুরু ঢাকা টেস্টেও তাই ‘জিতব’ কথাটা জোর দিয়ে উচ্চারণ করতে সাহস পেলেন না মিসবাহ-উল হক। বরং দুই দলেরই সমান সম্ভাবনা দেখেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক।
খুলনায় ড্র হলেও ঢাকা টেস্টে ফল আসবে বলেই মিসবাহর বিশ্বাস, ‘আমার মনে হয় ঢাকার উইকেট খুলনার চেয়ে কিছুটা আলাদা। বোলাররাও এখানে কিছু সাহায্য পায়। ব্যাটিংয়ের জন্য তো ভালোই। পাশাপাশি এখানে কিছু বাউন্স আর পেসও থাকে। স্পিনাররাও কিছুটা বাউন্স পেয়ে আসছে। আমার মনে হয় এখানে ফল আসবে।’
সেই ফল তাঁর দলের পক্ষে যাবে-এমন জোরালো আত্মবিশ্বাস নেই পাকিস্তান অধিনায়কের, ‘এখানে কোনো ফেবারিট নেই। বাংলাদেশ পুরো সিরিজেই খুব ভালো ক্রিকেট খেলেছে, এমনকি প্রথম টেস্টেও। সুতরাং আমার মনে হয়, এই মুহূর্তে দুই দলই একই অবস্থানে দাঁড়িয়ে। যারাই এই টেস্টটা জিতে সিরিজ নিজেদের করতে চায়, সেরা খেলাটাই তাদের খেলতে হবে।’
সপ্তাহ তিনেক আগে বাংলাদেশে আসার পর এখনো জয়শূন্য পাকিস্তান। একটা জয় পেতে ভেতরে ভেতরে বুভুক্ষুই হয়ে আছে গোটা দল। এটা ঢাকা টেস্টে পাকিস্তানের জন্য বাড়তি চাপ কি না-এমন প্রশ্নে মিসবাহ ডাকই করলেন, ‘কী পেরেছি বা পারিনি-তা বড় নয়। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। এটা মেনে নিয়েই খেলতে হবে। আমার মনে হয়, নিজের সেরা ক্রিকেট খেলার চেষ্টা থাকা উচিত। আমরা সেই চেষ্টাই করব। কী হয়েছে, সিরিজের ফল কী, এটা নিয়ে ভাবলে হবে না।’
বিশ্বকাপে অনুজ্জ্বলই ছিল পাকিস্তান, দেশে তাই সমালোচনার কাঁটা বেশ ভালোই বিধেঁছে মিসবাহদের। ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশ সফরে। কিন্তু উল্টো বাংলাদেশই চমকে দিয়েছে পাকিস্তানকে। অবশ্য এই সফরে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে-এটা নাকি আগেই ধারণা করতে পেরেছিল পাকিস্তান! মিসবাহর কণ্ঠে তাই বাংলাদেশ-স্তুতি, ‘গত দু-তিন মাসে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে, বিশেষ করে বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে ওরা নিজেদের প্রমাণ করেছে। ছন্দটা ধরে রেখে এখন আরও বেশি আত্মবিশ্বাসী ওরা। নিজের মাঠে খেলছে এবং খুবই ভালো খেলছে। আমরা এখানে আসার আগে বিশ্বকাপে বাংলাদেশ দলকে দেখেছি। ওরা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে তা আমাদেরও মাথায় ছিল। এ কারণে খুব একটা বিস্মিত নই।’ নিজের মাঠে বাংলাদেশ বরাবরই কঠিন প্রতিপক্ষ, স্বীকার করতে দ্বিধা নেই পাকিস্তান অধিনায়কের, ‘আমরা যখন সর্বশেষ এখানে এসেছিলাম, আমাদের পুরো শক্তির দলই ছিল। তখনো কিন্তু ম্যাচ জিততে খুব কষ্ট হয়েছে। সহজে জিততে পারিনি।’
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে একরকম অসহায় আত্মসমর্পণ। সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা সমালোচনার তির ছুড়েই যাচ্ছেন একের পর এক। খুলনা টেস্ট ড্র হওয়ার পরও সেটি অব্যহত আছে। তবে কাল সংবাদ সম্মেলনে মিসবাহ উল্টো ধুয়ে দিলেন সেই সাবেকদেরই, ‘তারা সমালোচনা করছে কারণ তাদের আর কিছু করার নেই।’