মিসবাহ যেন 'ঘোষক'!

টেস্টে ইনিংস ঘোষণার মতো সুখের কিছু হতে পারে না। এই সুখের কাজটাই নিয়মিত করতে হচ্ছে মিসবাহ-উল-হককে। এ নিয়ে টানা পাঁচবার ইনিংস ঘোষণা করলেন পাকিস্তান অধিনায়ক। এতে হুমকির মুখে পড়েছে ইংল্যান্ডের রেকর্ডটি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ছয়বার ইনিংস ঘোষণা করেছিল ইংলিশরা।
৪৮০ রানের বিরাট লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৭৪ রান। শেষ দিনে কিউইদের দরকার ৩০৬ রান আর পাকিস্তানের দুই উইকেট। এ সমীকরণে স্বাভাবিকভাবেই স্বস্তির হাসি মিসবাহর দলের।
নিউজিল্যান্ডের শুরুটা অনেক দিন ধরেই ভালো হচ্ছে না। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ৫০-এর বেশি রান উঠেছিল সর্বশেষ গত বছরের ডিসেম্বরে। এর মাঝে পার হয়েছে ১৪ ইনিংস। বহুদিন পর আজ কিছুটা ভালো শুরু করেছেন ওপেনাররা। টম লাথাম ও ব্রেন্ডন ম্যাককলাম ওপেনিং জুটিতে তুললেন ৫৭ রান। এ জুটি ভাঙেন জুলফিকার বাবর। এরপর ৮১ রানে নিউজিল্যান্ডের ৮ উইকেট পড়ে গেলে চতুর্থ দিনেই জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয় পাকিস্তানের। কিন্তু মিসবাহর দলের অপেক্ষা বাড়িয়ে দেয় মার্ক ক্রেইগ ও ইশ সোধির অবিচ্ছিন্ন ৯ম উইকেট জুটিতে তোলা ৩৬ রান। ৩১তম ওভারে তো হ্যাটট্রিকের সুযোগ পেয়ে গিয়েছিলেন পাকিস্তান পেসার রাহাত আলী। কিন্তু হ্যাটট্রিকটা শেষ পর্যন্ত হয়নি। রাহাত নিয়েছেন ২ উইকেট। দুটি করে পেয়েছেন জুলফিকার বাবর ও ইয়াসির শাহ।
আগের দিনের বিনা উইকেটে ১৫ রানে খেলতে নেমে আজ ২ উইকেটে ১৭৫ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি ফসকে গেলেও দ্বিতীয় ইনিংসে ভুল করেননি মোহাম্মদ হাফিজ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। পাকিস্তানের দুটি উইকেটই পেয়েছেন সোধি।
বিজয় চিহ্ন দেখাতে দুটো আঙুলের ব্যবহার হয়। আবুধাবি টেস্টে ‘ভি-চিহ্ন’ দেখাতে পাকিস্তানের দরকার দুটি উইকেটই। ক্রিকইনফো ও টেন ক্রিকেট।