মিসবাহই অধিনায়ক থাকবেন যদি...

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভরাডুবির পর মিসবাহ-উল হকের নেতৃত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ আবার ‘বুড়ো’ বলে লিখে দিচ্ছেন তাঁর ক্যারিয়ারের এপিটাফ। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাইরের কথা কানে তুলছে না। ৪২ বছর বয়সী মিসবাহ অবসর না নিলে তিনিই পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক থাকবেন, জানিয়ে দিয়েছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান। তবে মিসবাহ আরও খেলে যাবেন কি না, তা নিশ্চিত নয়।
কদিন আগে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন আজহার আলী। রঙিন পোশাকে পাকিস্তানের নেতৃত্ব উঠেছে সরফরাজ আহমেদের কাঁধে। ওই সময়ে অনেকেই বলেছেন, পিসিবির উচিত পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কের দায়িত্বও সরফরাজকে দেওয়া। কিন্তু শাহরিয়ার আগে মিসবাহর সিদ্ধান্ত জানতে চান, ‘মিসবাহকে না পাওয়া গেলে আমরা সব ফরম্যাটের জন্য একজন অধিনায়ক করব।’
অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরলেও অধিনায়ক হিসেবে মিসবাহর সামগ্রিক পারফরম্যান্সে খুশি পিসিবি। শাহরিয়ার খানের কথায়ও উঠে এসেছে বিষয়টি, ‘২০১০ সাল থেকে অধিনায়কত্ব করছে মিসবাহ। পাকিস্তানের ক্রিকেটকে দারুণ কিছু দিয়েছে। সে যদি খেলে যেতে চায়, তাহলে অধিনায়কের ভূমিকাতেই থাকবে।’
সম্প্রতি দুবাইয়ে নতুন ওয়ানডে অধিনায়ক সরফরাজ, প্রধান নির্বাচক ইনজামাম-উল হক আর মিসবাহর সঙ্গে দেখা করেছেন শাহরিয়ার। এরপর শাহরিয়ার জানিয়েছেন, অবসর নেবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে আরও কয়েক দিন সময় লাগবে মিসবাহর, ‘আমি দুবাইয়ে মিসবাহর সঙ্গে দেখা করেছি। ওর সঙ্গে কথা হয়েছে। ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য ১০ থেকে ১৫ দিন সময় চেয়েছে সে। আমরা মনে করি, সব ধরনের সুবিধা আর অসুবিধার কথা ভেবেই অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিক সে।’