মিসবাহকে ওয়ানডে ছাড়তে বললেন আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

ফর্মের বালাই নেই, নেই ফর্মে ফেরার আত্মবিশ্বাসও। তাহলে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হকের ওয়ানডে দলে থাকার কী কারণ, সেটা বুঝে উঠতে পারছেন না ওয়াসিম আকরাম। তাঁর মতে, ফর্মে ফেরার আত্মবিশ্বাস না থাকলে ওয়ানডে ক্রিকেটকে বিদায়ই জা​নানো উচিত মিসবাহর।
পাকিস্তানের বোলিং কিংবদন্তির মতে, আন্তর্জাতিক ক্রিকেট কম খেলার সঙ্গে সঙ্গে বয়সভিত্তিক দলগুলোর যত্ন না হওয়ায় পাকিস্তানের ক্রিকেটের মান নিম্নমুখী।
আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে অতিরিক্ত খেলা নিয়ে দলগুলোর আপত্তি, সেখানে পাকিস্তান কম খেলছে বলে অভিমত আকরামের, ‘অতিরিক্ত খেলাটা যদি অন্য দলের সমস্যা হয়, তাহলে পাকিস্তানের সমস্যা এর ঠিক উল্টোটা। পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট খেলারই সুযোগ পায় না। দেশের মাটিতে খেলাটা তো অনেক দিন ধরে বন্ধ। বাইরেও আমরা খুব বেশি খেলার সুযোগ পাচ্ছি না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়াতে খুব একটা অবাক হননি আকরাম। তাঁর মতে, অস্ট্রেলিয়ার সিরিজ জয়টা অনুমিতই ছিল। তিনি মনে করেন, এই সিরিজে অস্ট্রেলিয়া দলের অভিজ্ঞতার কাছেই হার মেনেছে পাকিস্তান, ‘পাকিস্তান দলকে দোষারোপ করবেন না। দলের খেলোয়াড়েরা ভীষণ অনভিজ্ঞ। ওরা তো আন্তর্জাতিক ক্রিকেট খেলারই সুযোগ পায় না। অস্ট্রেলিয়া এসব দিক দিয়েই এই সিরিজে অনেকটাই এগিয়ে ছিল। ফলাফলটাও এসেছে অনুমিতই।’
পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষ বয়সভিত্তিক দলগুলোকে অবহেলা করছে বলেই মনে করেন আকরাম। বয়সভিত্তিক দলগুলোর প্রতি যত্নশীল না হলে দেশটির ক্রিকেটের অবস্থা আরও খারাপ হবে বলেই মনে করেন সাবেক এই অধিনায়ক,‘বয়সভিত্তিক দলগুলোকে নিয়ে কোনো কার্যক্রম আছে কি? আমার তো মনে হয় না। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে না নিয়ে আসতে পারলে ক্রিকেট যে তিমিরে আছে, সেখানেই থেকে যাবে। পিসিবির উচিত বেশি করে যুবদল, একাডেমি ও “এ” দলের বিদেশে গিয়ে ম্যাচ খেলা নিশ্চিত করা।’ সূত্র: এএনআই।