মিসবাহকে কি সরেই যেতে বললেন ইনজামাম?

ফিসফাস, গুঞ্জনটা বেশ আগেই গর্জনে রূপ নিয়েছে। কবে অবসর নেবেন মিসবাহ-উল-হক? অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মাঝপথেই বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। পরে সে সিদ্ধান্ত থেকে সরে এলেও, বিদায়ক্ষণটা বোধ হয় খুব একটা পেছাতে পারেননি মিসবাহ। ইনজামাম-উল-হক যে ঠারেঠুরে বলেই দিলেন, সময় থাকতে সরে যাও!
মিসবাহ প্রসঙ্গে এখন নানাজনের নানা মত। তবে ইনজামামের কথাকে আলাদা গুরুত্ব দিতে হচ্ছে, কারণ সাবেক অধিনায়ক যে বর্তমানে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের দুর্দশা কাটানোর উপায় খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের মাঝপথেই অধিনায়ক আজহার আলীকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। সে দায়িত্বটা টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজের ঘাড়েই ফেলতে চায় পিসিবি। তবে ইনজামামের কথা শুনে মনে হচ্ছে, টেস্টেও সরফরাজকেই প্রথম পছন্দ তাঁর, ‘পিসিবিকে অধিনায়কের ব্যাপারে আমি কোনো পরামর্শ দিইনি। তবে আমার মতে যে তিন সংস্করণেই দলকে যে নেতৃত্ব দিতে পারবে, এ কাজের জন্য সে–ই সবচেয়ে যোগ্য লোক।’
আজহার আলী তো কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিই খেলেননি। তাই ইনজামামের প্রস্তাবিত অধিনায়কের তালিকায় এই ওপেনার ঢুকতেই পারছেন না। আর মধ্য চল্লিশের মিসবাহ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা ছেড়েছেন বহুদিন আগে। এতেই বোঝা যাচ্ছে, অধিনায়ক হিসেবে প্রধান নির্বাচকের পছন্দ আসলে কে! সে ক্ষেত্রে তো মিসবাহকে টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিতেই হচ্ছে। ইনজামামও মিসবাহকে সেটা বুঝে নিতে বললেন, ‘মিসবাহ যথেষ্ট বুদ্ধিমান লোক। ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্তের জন্য সেই সবচেয়ে ভালো অবস্থায় আছে।’ সূত্র : ডন ডটকম