মিসবাহকে হুমকি ভাবছেন স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসবাহ-উল-হক
মিসবাহ-উল-হক

আর যা-ই হোক, মিসবাহ-উল-হককে নিজেদের জন্য ‘হুমকি’ মনে করে খুব কম জন বা কম দলই। এমনিতেই তাঁর মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনার শেষ নেই। যদিও দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছেন অসংখ্যবার। সে জন্য সমীহ, প্রশংসাও কম পান না। কিন্তু একা ম্যাচ জেতানোর প্রমাণ খুব বেশি রাখতে পারেননি। অথচ সেই মিসবাহকেই কিনা হুমকি হিসেবে দেখছেন গ্রায়েম স্মিথ!
ক্যানবেরায় আজ আয়ারল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। তবে স্মিথ এখনই তাকিয়ে অকল্যান্ডে! ৭ মার্চ ইডেন পার্কে পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। স্মিথের ভাবনাজুড়েও ওই ম্যাচ। সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ধারণা, ডি ভিলিয়ার্সদের মূল হুমকি হতে পারেন মিসবাহ। মিসবাহকে ফেরাতে পারলেই নাকি ম্যাচ অর্ধেক জেতা হয়ে যাবে!
গত দুই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবার বিশেষজ্ঞ। নিয়মিত কলাম লিখছেন আইসিসি ওয়েবসাইটে। সেখানেই লিখেছেন, ‘আয়ারল্যান্ড অথবা আর আমিরাত আমাদের খুব বড় চ্যালেঞ্জ জানাতে পারবে বলে মনে হয় না। আমি নিশ্চিত এই দুটি ম্যাচে বাইরে থাকাদের সবাইকে বাজিয়ে দেখা হবে আর গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে।’
পাকিস্তানকে এখন পর্যন্ত ছন্নছাড়া মনে হলেও হালকা করে নেওয়ার কোনো কারণ দেখছেন না স্মিথ, ‘পাকিস্তান সব সময়ই ভিন্নভাবে তুলে ধরে নিজেদের। ওরা এতটাই অননুমেয় দল যে ওদের জন্য প্রস্তুতি নেওয়া কঠিন। সব পরিকল্পনা উল্টে দিতে পারে। এখন পর্যন্ত ওদের খেলা দেখে এমন কিছু মনে হয়নি। কিন্তু ওদের ধরনটাই এমন, অনেক সময়ই টুর্নামেন্টের শুরু ওদের খুব ভালো হয় না।’ আইসিসি ওয়েবসাইট।
আর এ দলটির মধ্যেও সবচেয়ে বিপজ্জনক মনে করছেন তাদের অধিনায়ককে, ‘আমার মতে সবচেয়ে বড় হুমকি মিসবাহ। এমনকি আমি এতটাই বলতে পারি যে ওকে নিষ্ক্রিয় করে রাখা মানে ম্যাচের অর্ধেক জিতে যাওয়া।’ তবে পাকিস্তানের লোয়ার অর্ডার ব্যাটিং ও পেস বোলিংয়ের কথাও বলতে ভোলেননি স্মিথ, ‘পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক হলো লোয়ার অর্ডার ব্যাটিং। সোহেব মাকসুদ, শহীদ আফ্রিদি, উমর আকমল, ওয়াহাব রিয়াজ...। পেস আক্রমণ যদিও অনভিজ্ঞ, কিন্তু ক্ষুরধার। ২০১৩ সালে মোহাম্মদ ইরফানকে খেলেছি আমি, আমার খেলা সবচেয়ে দ্রুতগতির স্পেলগুলোর একটি ছিল সেটি। রাহাত ও রিয়াজের বাঁহাতি সুইংও বৈচিত্র্যময়।’