মিসবাহকেই কৃতিত্ব দিচ্ছেন মুশতাক

প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু। ওয়ানডে সিরিজে তো ‘বাংলাওয়াশ’ই! একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারের পর খুলনা টেস্টের প্রথম দিনেও হাসি ফোটেনি পাকিস্তান দলের মুখে। অবশেষে এবারের বাংলাদেশ সফরে প্রথম স্বস্তির দিনটা তারা খুঁজে পেল কাল। এ জন্য দিন শেষের সংবাদ সম্মেলনে বেশির ভাগ কৃতিত্বই অধিনায়ক মিসবাহ-উল-হককে দিলেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
‘মিসবাহকে কৃতিত্ব দিতেই হবে। বোলারদের, বিশেষ করে স্পিনারদের দারুণভাবে কাজে লাগিয়েছে সে। কৌশলগত দিক দিয়েও নিয়েছে দুর্দান্ত সব সিদ্ধান্ত’—বলেছেন সাবেক এই লেগ স্পিনার। অধিনায়কের প্রশংসা করেছেন কার্যকরী ফিল্ডিং সাজানোর জন্যও, ‘ওদের (বাংলাদেশের) যে ব্যাটসম্যান মিড উইকেট অঞ্চলে শক্তিশালী, মিসবাহ সেখানে ফিল্ডার রেখে রানের পথ বন্ধ করে দিয়েছে। যে মিড অনে বেশি খেলে, তার জন্য সে জায়গায়ও বন্ধ করেছে ফিল্ডার দিয়ে।’ সৌম্য সরকারকে এ রকম ফাঁদ পেতেই আউট করা হয়েছে বলে দাবি মুশতাকের।
তবে ফিল্ডিং নিয়ে এ পরিকল্পনাটা মূলত কোচ ওয়াকার ইউনিসেরই। মাঠে সেটিই বাস্তবায়ন করেছেন মিসবাহ। স্পিন কোচও বলছিলেন, ‘ফিল্ডিংয়ের ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে ওয়াকার সঠিক জায়গায় সঠিক ফিল্ডার রাখার পরিকল্পনা করেছিলেন। ভুলের পরিমাণ কমানোর জন্য ভালো ফিল্ডারদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় রাখা হয়েছে। আমরা যেমন জানতাম লেগ স্লিপে আসাদ শফিক ভালো ফিল্ডার। মিড উইকেটেও গুরুত্বপূর্ণ একটা ক্যাচ নিয়েছে ও।’
বোলিং-ফিল্ডিংয়ে এমন নিখুঁত পরিকল্পনার ফল পাকিস্তান পেয়েছে ভালোভাবেই। লাঞ্চের পর মাত্র ২০ মিনিটের মধ্যেই অলআউট বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে পাকিস্তানের মূল লক্ষ্য ছিল উইকেট না হারানো। দিন শেষে ২২৭ রান তুলতে পড়েছে মাত্র ১ উইকেট, এই পরিকল্পনায়ও তাদের সফলই বলতে হবে। দিন শেষে ১৩৭ রানে অপরাজিত ওপেনার মোহাম্মদ হাফিজের কথাটা আলাদা করেই বললেন স্পিন কোচ, ‘আজ (গতকাল) আমাদের লক্ষ্য ছিল উইকেট না হারিয়ে যত বেশি সম্ভব রান করা যায়। এটা ঠিক যে, এই উইকেটে একটু বেশিই সতর্ক থাকতে হচ্ছে। কিন্তু ইতিবাচক মানসিকতা নিয়ে আক্রমণে না গেলে এখানে রানই হবে না। হাফিজ এই কাজটা খুব ভালোভাবে করেছে।’
রান করা তো বটেই, খুলনার পিচে উইকেট নেওয়াটাকেও সহজ মনে করছেন না মুশতাক। তার পরও বাংলাদেশ দলের ইনিংসটা ও রকম হুড়মুড় করে ভেঙে পড়ার একটাই কারণ দেখেন তিনি—পাকিস্তানের বোলারদের ভালো বোলিং, ‘কীভাবে ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে হয়, সেটা আমাদের বোলারদের ভালো করেই জানা। তারা জানে কখন আক্রমণ করতে হবে, কখন চেপে ধরতে হবে।’ তবে স্বীকার করেছেন, বাংলাদেশ দলের ইনিংসটা যে অত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এতটা আশা পাকিস্তানও করেনি।