মিসবাহতেই আস্থা শাহরিয়ারের
‘বুড়ো’ হয়ে গেছেন। অনেক দিন ধরেই এটা শুনতে হচ্ছে মিসবাহ-উল-হককে। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভরাডুবির পর তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাইরের কথা কানে তুলছে না। আস্থা রাখছে ৪২ বছর বয়সী মিসবাহর ওপরই। পিসিবি সভাপতি শাহরিয়ার খান জানিয়ে দিয়েছেন, অবসর না নিলে তাঁর কাঁধেই থাকবে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব।
কদিন আগে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন আজহার আলী। সেটি উঠেছে সরফরাজ আহমেদের কাঁধে। ওই সময়ে অনেকেই বলেছেন, পিসিবির উচিত পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কের দায়িত্বও সরফরাজকে দেওয়া। কিন্তু শাহরিয়ার আগে মিসবাহর সিদ্ধান্ত জানতে চান, ‘মিসবাহকে না পাওয়া গেলে আমরা সব ফরম্যাটের জন্য একজন অধিনায়ক করব।’ অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরলেও অধিনায়ক হিসেবে মিসবাহর সামগ্রিক পারফরম্যান্সে খুশি পিসিবি, ‘২০১০ সাল থেকে অধিনায়কত্ব করছে মিসবাহ। পাকিস্তানের ক্রিকেটকে দারুণ কিছু দিয়েছে। সে যদি খেলে যেতে চায় তাহলে অধিনায়কের ভূমিকাতেই থাকবে।’
দুবাইয়ে মিসবাহর সঙ্গে কথা বলেছেন শাহরিয়ার। মিসবাহ আরও কয়েকটা দিন সময় চেয়েছেন, ‘আমি দুবাইয়ে মিসবাহর সঙ্গে দেখা করেছি। ওর সঙ্গে কথা হয়েছে। ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য ১০-১৫ দিন সময় চেয়েছে সে। আমরা মনে করি, সব ধরনের সুবিধা আর অসুবিধার কথা ভেবেই অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিক সে।’