মিসবাহদের উদ্যাপনে কুকের জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো নিজেদের মাটিতে এমনভাবে টেস্ট হার, তার ওপর প্রতিপক্ষের এমন বাহারি উদ্যাপন। দেখতে কারই বা ভালো লাগে? ভালো লাগেনি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকেরও। লর্ডস টেস্টের পর পাকিস্তানের বিচিত্র উদ্যাপন দেখে গায়ে যেন জ্বালা ধরেছে তাঁর।
পথ দেখিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। ইংল্যান্ডে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করার পর প্রথমে দিয়েছিলেন স্যালুট, পরে বুক ডন। এমন উদ্যাপনের রহস্যটা পরে জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। অ্যাবোটাবাদ সেনানিবাসে সৈনিকদের নাকি অমনই কথা দিয়ে এসেছিলেন।
পরশু লর্ডসে সিরিজের প্রথম টেস্ট জেতার পর পুরো পাকিস্তান দলও অধিনায়কের দেখানো পথেই হাঁটল। প্রথমে দুই সারিতে দাঁড়িয়ে বুক ডন, পরে উঠে দাঁড়িয়ে স্যালুট। হারের পর এমনিতেই মন খারাপ ছিল ইংল্যান্ডের। ওই সময় পাকিস্তানের এমন উদ্যাপন ইংলিশদের কাটা ঘায়ে দিয়েছে নুনের ছিটা। কুক অবশ্য ব্যাপারটা লুকানোর চেষ্টা করেননি। ম্যাচের পর সংবাদ সম্মেলনেই বলেছেন, ‘এতে আমাদের অপমানিত হওয়ার কিছু নেই। তবে ম্যাচের পর আবেগময় সময়টাতে ওটা দেখতে ভালো লাগছিল না। আপনি যখন একটা ম্যাচ হারবেন, এর ২০ মিনিটের মধ্যেই এটা দেখতে ভালো লাগার কথাও নয়।’
তাই বলে প্রতিপক্ষের এমন উদ্যাপন নিয়ে আপত্তি নেই ইংল্যান্ড অধিনায়কের, ‘পাকিস্তানের অধিকার আছে যেভাবে চায় উদ্যাপন করার। এটা তাদের আরও ঐক্যবদ্ধ করছে এবং এতে বোঝা যাচ্ছে আমাদের সামনে চ্যালেঞ্জটা কত বড়।’ এএফপি।