মিসবাহদের দুঃখ বাড়াল পিএসএলও

বাংলাদেশ প্রিমিয়ার লিগে না কি সঠিক মূল্যায়ন পাননি পাকিস্তানি ক্রিকেটাররা। এবারের বিপিএলে নিয়মিত সুযোগ মেলেনি অধিকাংশ পাকিস্তানি ক্রিকেটারের। এ নিয়ে বেশ দুঃখও প্রকাশ করেছেন মিসবাহ-আকমলরা। মিসবাহদের এমন তাজা ক্ষতে জ্বলুনি বাড়িয়ে দিল খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগে আইকন বাছাইয়ে মিসবাহ-উল-হক নামটা গোনাতেই ধরেনি তারা। নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগে জাতীয় দলের অধিনায়ককে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আইকন হিসেবে জায়গা পাননি ইউনিস খানও।
ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা বাণিজ্যে নাম লেখাচ্ছে পাকিস্তানও। আরব আমিরাতে পাঁচ দলের পিসিএল শুরু হতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। বিপিএলের আদলে পিসিএলেও প্রতিটি দলকে একজন করে আইকন খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পিসিএলে নির্বাচিত এই পাঁচজন আইকন হলেন—ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও শেন ওয়াটসন। পাঁচজনের তিনজনই বিদেশি। তার মধ্যে দুজন আবার অবসর নিয়ে নিয়েছেন নিজ নিজ দেশের হয়ে।
এ ব্যাপারটিই পীড়া দিচ্ছে মিসবাহ-ইউনিসদের। ইউনিস আগেই জানিয়েছিলেন পিসিএলে তিনি অধিনায়কত্ব করতে চান, ‘আমি পিসিএলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। খেলোয়াড়ি দায়িত্বের বাইরে অধিনায়ক কিংবা পরামর্শদাতা হিসেবেও থাকতে চাই।’
পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো একমাত্র অধিনায়ক হিসেবে ইউনিস আশা করেছিলেন, বোর্ড তাঁর এ কথাকে গুরুত্ব দেবে। কিন্তু পাকিস্তান বোর্ড যে অতীত আঁকড়ে বসে নেই সেটা বোঝা গেছে সাবেক দুই টি-টোয়েন্টি অধিনায়ক মিসবাহর পাশাপাশি মোহাম্মদ হাফিজকেও আইকন হিসেবে বিবেচনা না করায়। এ ব্যাপারে হাফিজ এখনো মুখ না খুললেও বোর্ডের সিদ্ধান্তে খেপেছেন পাকিস্তান টেস্ট দলের দুই ব্যাটিং স্তম্ভ। দুজনই নাকি পিসিএল বয়কটের চিন্তাভাবনাও শুরু করে দিয়েছেন।
বার্তা সংস্থা পিটিআইকে পাকিস্তান বোর্ডের এক সূত্র জানায়, ‘তাঁরা এ ব্যাপারে ক্ষুব্ধ। ইতিমধ্যে বোর্ডকে ইঙ্গিতও দিয়েছেন পিসিএলে দলগুলোতে তাঁদের নেতৃত্বের দায়িত্ব না দেওয়া হলে নাও খেলতে পারেন এই টুর্নামেন্ট।’
পাঁচ আইকনের মধ্যে পিটারসেন ও ওয়াটসনকে দেখেই সবচেয়ে বেশি খেপেছেন তাঁরা। বোর্ডের সূত্র জানালেন, ‘ইউনিস ও মিসবাহ এখনো জাতীয় দলের হয়ে খেলছেন। আর ওয়াটসন অস্ট্রেলিয়া দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। পিটারসেনও ইংল্যান্ড জাতীয় দলে অনেক দিন ধরেই ব্রাত্য। তাঁকে অন্য কোনো ক্রিকেট লিগও আগে এই সম্মান (আইকন) দেয়নি।’
পিসিএলে আইকন খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ডলার। সেটি পাচ্ছেন কেবল ওই পাঁচজনই। পরবর্তী ক্যাটাগরি প্লাটিনামের খেলোয়াড়দের মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। ইউনিস ও মিসবাহের মতো পাকিস্তানের জাতীয় দলের অধিকাংশের জায়গা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। সাকিব আল হাসানও আছেন এই ক্যাটাগরিতে। সূত্র: পিটিআই।