মিসবাহদের 'যোদ্ধা' ছবিটাই ফেরত চান আর্থার

দুর্দান্ত লড়াকু যোদ্ধার ছবিটা দেখা গেছে। দেখা গেছে মেরুদণ্ডহীন হয়ে অসহায় আত্মসমর্পণও। এবার? এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে মিকি আর্থার চান, প্রথম ছবিটাই ফিরে আসুক। লর্ডসে যেভাবে পাকিস্তানি ব্যাটসম্যানরা একেকজন ‘যোদ্ধা’ হয়ে উঠেছিলেন, এজবাস্টনে ফিরে আসুক তাঁদের সেই যুদ্ধংদেহী রূপই।
লর্ডস টেস্টটা জিতে কী দারুণভাবেই না সিরিজটা শুরু করেছিল পাকিস্তান। ৭৫ রানের জয় কি আকাশে তুলে দিয়েছিল তাদের? ওল্ড ট্রাফোর্ডে যে হারতে হলো ৩৩০ রানের ব্যবধানে। আত্মবিশ্বাসও যেন দুমড়ে-মুচড়ে গেল। আর্থার তো রীতিমতো বিধ্বস্ত এমন হারে। পাকিস্তান ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকান কোচ বলেছেন, ‘খেলায় হার-জিত আছে। অনেক হার আছে সম্মানের। কিন্তু কিছু হার আছে, যেটাকে আপনাকে মাটিতে ফেলে স্টিম রোলার চালিয়ে পিষে দেওয়ার সঙ্গে তুলনা করা যায়, ওল্ড ট্রাফোর্ডের হার অনেকটাই এমন। ওখানে পাকিস্তান দলকে মাটিতে ফেলে স্রেফ পিষেছে ইংলিশরা।’
মিসবাহ-উল-হকের অনন্য এক সেঞ্চুরিতে লর্ডসে জয়ের রসদ মিলেছিল পাকিস্তান দলের। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে ব্যাটিং ব্যর্থতাই মূলত ডুবিয়ে দিয়েছে পাকিস্তানকে। ওপেনিংয়ে মোহাম্মদ হাফিজ কিংবা শান মাসুদরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। এই দুজন যে লর্ডসেও ভালো কিছু করেছেন, তা নয়। কিন্তু ওল্ড ট্রাফোর্ডের সবকিছুই যেন মাত্রা ছাড়িয়ে গেছে।
মাসুদ তো রীতিমতো খেলনায় পরিণত হয়েছেন জেমস অ্যান্ডারসনের কাছে। অ্যান্ডারসন গত বছর সংযুক্ত আরব আমিরাতের সিরিজ থেকে এই সিরিজ পর্যন্ত অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন ৬ বার। অ্যান্ডারসনের ৫৭টি বল খেলে তাঁর রান মাত্র ১৫। এখন মাসুদের জায়গা নিয়েই ভাবছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে অধিনায়ক আজহার আলীকে ওপেনিংয়ে পাঠিয়ে মাসুদের জায়গায় সামি আসলামকে খেলানো হতে পারে বলেই ইঙ্গিত মিলছে, তবে আর্থার বলেছেন, ভাবনা-চিন্তাটা গুরুত্বের সঙ্গে হলেও বিষয়টা সবাইকে জানিয়ে করার মতো নাকি নয়।
ওল্ড ট্রাফোর্ডে হারের পর আর্থার দলের আত্মবিশ্বাস ফেরাতে রীতিমতো গলদঘর্ম, ‘আমি দলের খেলোয়াড়দের বলেছি, লর্ডসে তোমাদের “সত্যিকারের যোদ্ধা” মনে হলেও ম্যানচেস্টারে এসে (ওল্ড ট্রাফোর্ড) মনে হয়েছে পুরোপুরি উল্টোটা।’
টপ অর্ডার ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনটাই হতাশায় ফেলে দিয়েছে আর্থারকে। ইংলিশ বোলারদের বলে পাকিস্তানি ব্যাটসম্যানদের খোঁচা দিয়ে স্লিপে ধরা পড়ার দৃশ্যটি এবারের ইংল্যান্ড সফরের বিজ্ঞাপনে পরিণত হওয়াতেই সবচেয়ে বেশি হতাশ আর্থার, ‘ব্যাটসম্যান আউট হবেই। এটাই নিয়ম। কিন্তু কোনো বিশেষ ধরনের আউট যদি নিয়মিত বিষয়ে পরিণত হয়, সেটা কোচ হিসেবে যে–কারোর জন্যই দারুণ উদ্বেগের।’
সমস্যা ধরা গেছে। দাওয়াইও দিয়েছেন। এবার ওষুধে কাজ হলো কি না, সেটাই দেখার। আগামীকাল বুধবার এজবাস্টনে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সূত্র: এএফপি।