মিসবাহর আশা

ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। স্বাভাবিকভাবেই খুশি মিসবাহ-উল-হক। প্রতিটি ম্যাচেই মাঠে হাজির হচ্ছেন। তবে ব্যাট হাতে নয়, মাইক্রোফোন হাতে! টিভিতে বিশ্লেষণী ধারাভাষ্য দিচ্ছেন ম্যাচের আগে-পরে।
ওয়ানডে, টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ায় এ দুই সংস্করণে মিসবাহ এখন ‘সাবেক’ তারকা হিসেবেই দিচ্ছেন ধারাভাষ্য। তবে টেস্ট ক্রিকেট এখনো চালিয়ে যাচ্ছেন। মিসবাহর হয়তো আফসোসই হচ্ছে, সতীর্থরা যেখানে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন, তিনি সেখানে দূর থেকে দেখছেন তাকিয়ে। কারণ, জিম্বাবুয়ে পাকিস্তানে এসেছে দুটি টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে।
৪১ ছুঁই ছুঁই মিসবাহ খুব বেশি দিন টেস্ট চালিয়ে যেতে পারবেন, তাও নয়। বিদায়ের ঘণ্টা বাজল বলে। মিসবাহর আশা অবসরের আগে ঘরের মাঠে টেস্ট খেলা, ‘পাকিস্তান টেস্ট অধিনায়ক হিসেবে অবসরের আগে ঘরের মাঠে খেলতে পারলে খুব ভালো লাগবে। আশা করি খুব শিগগির অন্য দলগুলোও পাকিস্তানে আসবে। ঘরের মাঠে একটা টেস্ট সিরিজ অন্তত খেলব। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে দলে থাকতে না পেরেও খারাপ লেগেছে।’
জিম্বাবুয়ে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় পাকিস্তানে এখন উৎসব-উৎসব আবহ। এটা ধরে রাখতে সরকারকে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান মিসবাহর, ‘অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের তুলনায় জিম্বাবুয়ে খুব একটা জনপ্রিয় নয়। তবুও প্রচুর সমর্থক মাঠে এসেছে দলকে সমর্থন দিতে। এতেই বোঝাই যায়, ক্রিকেটকে আমরা কতটা অনুভব করেছি। পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে নিয়ে আনতে সরকারকে আরও উদ্যোগ নিতে হবে।’ তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ক্রিকইনফো।