মিসবাহর কাছে বয়স যেন একটা সংখ্যাই

একজন ব্যাটসম্যানের ক্যারিয়ারের তুঙ্গে ওঠার সময়টা কখন? গড়পড়তা ২৮ থেকে ৩৫ বছর বয়সটাকেই সাধারণত ক্যারিয়ারের সেরা সময় বলে ধরে নেওয়া হয়। ক্রিকেট পরিসংখ্যানও সেই কথাই বলে। কিন্তু পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক যেন মনে করিয়ে দিচ্ছেন, এটি স্রেফ একটা তত্ত্ব। বয়স কেবলই একটা সংখ্যা। চল্লিশে চালশে, কথাটা ভুল প্রমাণ করেছেন আগেই। ৪২ বছর বয়সে লর্ডস টেস্টে সেঞ্চুরি করে জানিয়ে দিয়েছেন, খুব শিগগিরই প্যাড তুলে রাখার কোনো কারণ ঘটেনি তাঁর ক্যারিয়ারে।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি, গত ৮২ বছরে সবচেয়ে বেশি বয়সী ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি—এসব তথ্য আগেই জানা হয়ে গেছে। কিন্তু মিসবাহ যে বয়সের সঙ্গে সঙ্গে আরও পরিণত হচ্ছেন, সেটা আরও কিছু পরিসংখ্যান দিয়ে বোঝা যায়। পাকিস্তানি এই ক্রিকেটারের ক্যারিয়ারের ৮৪ শতাংশ রানই এসেছে ৩৫ বছর পূর্ণ হওয়ার পর। ৩৫ পেরোনোর পর মিসবাহর চেয়ে বেশি রান আছে গ্রাহাম গুচ ও শচীন টেন্ডুলকারের, কিন্তু রানের গড়ে এই দুজনের চেয়ে এগিয়ে আছেন মিসবাহই। ৪০ পেরোনোর পর মিসবাহর চেয়ে বেশি রান করেছেন শুধু প্যাটসি হেনড্রেন ও জ্যাক হবস।
২০০৯ সাল পর্যন্তও বোঝা যায়নি, এতটা পথ পাড়ি দেবেন তিনি। ২০০১ সালে অভিষেকের পর পাকিস্তান দলে কখনোই সেভাবে থিতু হতে পারেননি। তাঁর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকে। সেবার দক্ষিণ আফ্রিকায় চার ইনিংসে তিনটি ফিফটি করেছিলেন। এর পর থেকেই যেন শুরু মিসবাহর বদলে যাওয়া। ২০১০ সাল থেকে অন্তত ৩ হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে মিসবাহর (৫৫.০৬) চেয়ে ভালো গড় আছে কেবল ছয়জনের—এবি ডি ভিলিয়ার্স, ইউনিস খান, স্টিভেন স্মিথ, শিবনারায়ণ চন্দরপল, হাশিম আমলা ও কুমার সাঙ্গাকারার।
এই সময়ের সফল অন্য সব ব্যাটসম্যানরা আরও ওপরে ব্যাট করলেও মিসবাহ পাঁচ নম্বরেই ব্যাট করে গেছেন। পাঁচ নম্বরে নেমে মিসবাহ এখন পর্যন্ত করেছেন ৩ হাজার ৯শ ৯২ রান, তাঁর মোট রানের ৮৯ শতাংশ। টেস্ট ইতিহাসেই পাঁচ নম্বরে এর চেয়ে বেশি রান আছে মাত্র চারজনের—মোহাম্মদ আজহারউদ্দিন, মাইকেল ক্লার্ক, স্টিভ ওয়াহ ও চন্দরপলের। এই তালিকায় সবার ওপরে আছেন চন্দরপলই।