মিসবাহর খালি পদে সরফরাজই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের টেস্ট অধিনায়ক হলেন সরফরাজ। ছবি: এএফপি
পাকিস্তানের টেস্ট অধিনায়ক হলেন সরফরাজ। ছবি: এএফপি

পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানোর পুরস্কারটাই যেন হাতেহাতে পেয়ে গেলেন সরফরাজ আহমেদ। টেস্ট ক্রিকেটেও দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগটা হাতে এসে গেল ৩০ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানের।
সরফরাজকে টেস্ট অধিনায়ক করার ঘোষণাটাও এল দারুণ এক জায়গায়। চ্যাম্পিয়নস ট্রফি জেতা উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেই বোর্ড সভাপতি শাহরিয়ার খান জানিয়ে দিলেন খবরটা, ‘এখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি টেস্টেও পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সরফরাজ।’ গত মে মাসে মিসবাহ-উল-হক বিদায় নেওয়ার পর থেকেই পাকিস্তান টেস্ট দলের অধিনায়কের পদটি খালি ছিল।
ওয়ানডেতে অধিনায়কত্বটা বেশ ভালোই করছেন সরফরাজ। গত বছর ওয়ানডেতে অধিনায়ক হওয়ার পর থেকে ৯টি ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে সাতটিতেই জিতেছে পাকিস্তান। ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর সবচেয়ে বড় সাফল্য গত মাসে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি জেতা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ফাইনালে ১৮০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে পাকিস্তান জিতে নেয় বিশ্বকাপের পর ক্রিকেটের দ্বিতীয় সেরা বৈশ্বিক প্রতিযোগিতাটি।
টেস্ট অধিনায়ক হয়ে নিজের প্রতিক্রিয়ায় সরফরাজের কণ্ঠে ঝরেছে ভালো করার প্রত্যয়, ‘আমি টেস্ট অধিনায়ক হয়ে খুবই সম্মানিত বোধ করছি। চ্যাম্পিয়নস ট্রফি জেতাই সব নয়। ক্রিকেটের তিন সংস্করণেই দল যেন উন্নতি করে, সে ব্যাপারে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’ সূত্র: এএফপি