
ছেলেবেলা থেকেই তাঁর আদর্শ ইমরান খান। এগিয়ে চলার পথে নিরন্তর অনুপ্রেরণা মানেন ১৯৯২ বিশ্বকাপের ইমরানের দলের অভাবনীয় সাফল্যকে। ক্যারিয়ার সায়াহ্নে এসে মিসবাহ-উল-হকও ছুঁতে চান সেই সাফল্যকে। বিশ্বকাপ দিয়েই রঙিন পোশাককে বিদায় জানাবেন মিসবাহ। পাকিস্তানকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার সময় ইমরানের বয়স ছিল ৪১। মিসবাহর বয়সও এখন ৪১ ছুঁইছুঁই। সেবারের মতো এবারও বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। লাহোরে পাকিস্তান অধিনায়কের কণ্ঠে কাল শোনা গেল ১৯৯২-কে ফিরিয়ে আনার প্রত্যয়, ‘আমার জন্য এটি বড় অনুপ্রেরণা। শারীরিক, মানসিক বা দক্ষতা যা-ই লাগুক না কেন, নিজের সেরাটা উজাড় করে দিয়ে আমি শেষটা দারুণভাবে করতে চাই। করতে চাই ১৯৯২ বিশ্বকাপের দলটির মতোই কিছু।’ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে দল অনুশীলনে ‘মনোযোগী ও দৃঢ়প্রতিজ্ঞ’ বলেও জানান মিসবাহ। ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। এএফপি।