মিসবাহর ছাতা আফ্রিদি
তাঁকে সরিয়েই ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়েছিল মিসবাহ-উল-হককে। এখন যদি আবার মিসবাহকে সরানো হয়, নতুন অধিনায়কের দৌড়ে সেই তিনিই এগিয়ে থাকেন। তবে সময়ের সুযোগ লুফে নিয়ে বিতর্কের আগুনে ঘি ঢাললেন না শহীদ আফ্রিদি। সাবেক পাকিস্তান অধিনায়ক বরং পাশে দাঁড়িয়েছেন বর্তমান অধিনায়কের। বলছেন, মিসবাহকেই অধিনায়ক রাখা উচিত!
২০১০ সালে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব পান মিসবাহ। রঙিন পোশাকের অধিনায়ক তখনো আফ্রিদি। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর আফ্রিদিকে সরিয়ে অধিনায়ক করা হয় মিসবাহকে। নেতৃত্ব নিয়ে সমালোচনা মিসবাহর সঙ্গী সেই শুরু থেকেই। তবে দলের পারফরম্যান্স ওঠা-নামা করলেও ব্যাট হাতে অধিনায়ক মিসবাহ দারুণ ধারাবাহিক। এতে উতরে গেছেন বারবার। তবে মিসবাহর পায়ের তলার মাটি হালকা করে দিয়েছে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ। টেস্টে ধবলধোলাই হয়েছে পাকিস্তান, হেরেছে ওয়ানডে সিরিজও। এবার ব্যতিক্রম, রান পাননি মিসবাহও। টেস্টে চার ইনিংসে করেছেন ৬৭, ওয়ানডে তিন ইনিংসে ৬৭। যথারীতি আবারও ডাক উঠেছে অধিনায়ক বদলের, বিশেষ করে ওয়ানডেতে।
নানা সময়ে আফ্রিদিও ঘুরিয়ে-ফিরিয়ে প্রশ্ন তুলেছেন মিসবাহর নেতৃত্ব নিয়ে। তবে অনেককেই অবাক করে দিয়ে এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন মিসবাহর, ‘মিসবাহ কয়েক বছর ধরেই দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে আসছে। আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানও সে। আমার মতে, আমাদের সবারই উচিত ওর প্রতি আস্থা রাখা। স্রেফ একটি সিরিজ ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে বাজে গেলেই সমালোচনা করা অন্যায়। দলের ওপর একটি স্থিতিশীল প্রভাব আছে মিসবাহর। বিশ্বকাপ সামনে রেখে সবার সমর্থন ওর প্রয়োজন।’
মিসবাহর নেতৃত্ব মেনে নিতেও কোনো সমস্যা নেই আফ্রিদির। সাম্প্রতিক দুরবস্থার জন্য কাঠগড়ায় তুললেন বরং দলের তরুণদের, ‘মিসবাহর নেতৃত্বে খেলতে কোনো সমস্যা নেই আমার, কারণ অনেক দিন ধরেই তো অধিনায়ক সে। ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করে আসছে সে। মিসবাহ ও আর কজন সিনিয়রের ওপরই নির্ভর করে দলটি। কিন্তু এখন সময় হয়েছে তরুণদের সামনে এগিয়ে আসার। একটা দল হিসেবে পারফর্ম করতে পারলেই আমরা আবার ভালো করতে থাকব এবং বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফিরব।’
সেই সময়ের কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বের কারণেই ২০১১ সালে নেতৃত্ব হারাতে হয়েছিল আফ্রিদিকে। সেই ওয়াকার এখন আবার পাকিস্তানের কোচ। ওয়াকার এখন বদলে গেছেন, বলছেন আফ্রিদি, ‘শ্রীলঙ্কার দলকে নিয়ে কঠোর পরিশ্রম করেছেন ওয়াকার। দল বাজে করার পরও টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছে ক্রিকেটাররা। আমি নিশ্চিত, দলের জিততে শুরু করা এখন শুধু সময়ের ব্যাপার।’ এএফপি, ক্রিকইনফো।