মিসবাহর জন্য ইউসুফের পরামর্শ
১৪৬টি ওয়ানডে খেলে সাড়ে চার হাজারের বেশি রান, ব্যাটিং গড় ৪৪.৩৮। মিসবাহ-উল-হকের সামর্থ্য নিয়ে এরপর কি খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ আছে?
নেই এবং সে প্রশ্ন তুলছেনও না সাবেক পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।
তাই বলে মিসবাহর পারফরম্যান্সে তিনি খুব একটা সন্তুষ্টও নন। স্ট্রাইক রেটটা যে এখনকার ওয়ানডে ক্রিকেটের সঙ্গে একেবারেই মানানসই নয় মিসবাহর! পাওয়ার প্লে আর ফিল্ডিং বিধিনিষেধের এ যুগে যখন ব্যাটসম্যানদের জন্য এক দিনের ক্রিকেটে বলপ্রতি রান তোলাটাই ডালভাত হয়ে গেছে, সেখানে মিসবাহর স্ট্রাইক রেট সাকল্যে ৭৩.৯৭! এই স্ট্রাইক রেট নিয়ে কি আর এখন পাকিস্তানের ওয়ানডে দলে জায়গা ধরে রাখা যায়?
এটা সমালোচনা। কিন্তু তাই বলে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ককে ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী নন মোহাম্মদ ইউসুফ। বরং সমস্যা খুঁজে বের করার পাশাপাশি সমাধানটাও দিয়ে দিয়েছেন তিনি, ‘আমি ওকে পরামর্শ দেব ওয়ানডেতে ৩ নম্বরে ব্যাট করার জন্য। ও যেভাবে ব্যাট করে তাতে নিচের দিকে ব্যাট করতে এসে দলের খুব একটা কাজে লাগতে পারছে না।’ এনডিটিভি স্পোর্টস।