মিসবাহর জন্য সুখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য অনেক ব্যাপারে নাজাম শেঠির সঙ্গে দ্বিমত থাকতে পারে শাহরিয়ার খানের। একটা ব্যাপারে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান আর নতুন চেয়ারম্যান দুজনেই একমত, সেটা পরিষ্কার। আপাতত টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে মিসবাহ-উল হকই একমাত্র পছন্দ দুজনেরই।
হঠাৎ করে মিসবাহর অধিনায়কত্বের প্রসঙ্গ আসছে কেন? কারণটা শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ। গল আর কলম্বোর দুটি টেস্টেই হেরেছে পাকিস্তান। স্বভাবতই দায়টা অধিনায়ক মিসবাহর ওপরেই বেশি বর্তাচ্ছে। তবে পারফরম্যান্স যেমনই হোক, আগামী বিশ্বকাপ পর্যন্ত মিসবাহকেই টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রাখার ঘোষণা দিয়েছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো কারণ দেখছেন না নতুন চেয়ারম্যান শাহরিয়ার খানও।
২-০ ব্যবধানে সিরিজ হারের পর এক ধাক্কায় টেস্ট র্যাঙ্কিংয়ে তিন থেকে ছয়ে নেমে গেছে পাকিস্তান। তবে এটাকে বড় কোনো বিপর্যয় বলতেও রাজি হননি পিসিবি চেয়ারম্যান, ‘শ্রীলঙ্কা সম্প্রতি ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে হারিয়েছে। সুতরাং তাদের কাছে পাকিস্তানের হারটা আমি বিপর্যয় বলে মনে করি না। হ্যাঁ, এটা পারফরম্যান্সের অবনতি এবং আমরা বুঝতে পারছি দলের অনেক উন্নতি করতে হবে। আর সে জন্যই মিসবাহর বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকা উচিত।’ এএফপি।