মিসবাহর পর ইয়াসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকারের উল্লাস ইয়াসিরের। কাল লর্ডসে l এএফপি
শিকারের উল্লাস ইয়াসিরের। কাল লর্ডসে l এএফপি

রেকর্ড গড়া এক সেঞ্চুরি, সেটি উদ্‌যাপনে বুক ডন দিয়ে প্রথম দিনের আলো কেড়ে নিয়েছিলেন মিসবাহ-উল-হক। তাঁর দেখাদেখি কাল খেলা মাঠে গড়ানোর আগেই বুক ডন করতে দেখা গেল মাইকেল ভন ও ডেভিড লয়েডকে। শুধু ‘বুড়ো’ মিসবাহ নন, অন্য বুড়োরাও কম গেলেন না।
কিন্তু কালকের সব আলো কেড়ে নিলেন ইয়াসির শাহ। ১৯৯৬ সালের পর স্বদেশি মুশতাক আহমেদের পর লেগ স্পিনার হিসেবে লর্ডসে ৫ উইকেট পেলেন ইয়াসির। তাঁর স্পিন বিষে নীল হয়েই লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ব্যাকফুটে ইংল্যান্ড। অথচ দিনটি হতে পারত ৬ উইকেট পাওয়া ক্রিস ওকসের, রেকর্ড গড়া অ্যালিস্টার কুক কিংবা ভাগ্য মুখ তুলে তাকালে মোহাম্মদ আমিরেরও।
আলোচনায় উল্টো এল ‘আম্পায়ারস কল’। কাল বারবার এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়ে টিভি আম্পায়ারের শরণ নিল দুই দল। প্রতিবারই সিদ্ধান্তগুলো টিকে গেল, মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত প্রাধান্য পায় বলে। অথচ মঈন আলীর আউট ও শেষ ওভারে স্টুয়ার্ট ব্রডের বেঁচে যাওয়া ছিল প্রশ্নবিদ্ধ।
এর আগেই লর্ডসের আমির-দর্শন হয়ে গেছে। আগের দিনের দুর্দান্ত বোলিংয়ের ফর্ম কালও টেনে আনলেন ওকস। প্রথমে ফেরালেন সরফরাজ আহমেদকে। ব্যস, ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠে গেল তাঁর। সেই আনন্দ তাজা থাকতে থাকতেই ২ বল পরই বোল্ড ওয়াহাব রিয়াজ। উইকেটে এলেন আমির। না, যে রকম ভাবা হয়েছিল, ও রকম কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। প্রথম বলেই চার, প্রত্যাবর্তনটি খারাপ হলো না আমিরের। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন ব্রডের বলে ফিরলেন, পাকিস্তানের রান ৩৩৯।
তবে আমিরের আসল প্রত্যাবর্তন তো হলো একটু পরে, যখন ফিল্ডিংয়ে নামল পাকিস্তান। আমিরকে এবার একটু ‘অভ্যর্থনা’ জানাল লর্ডসের দর্শক। তবে ওই একটু-আধটু ‘নো-বল’ ডাক শোনা তো আমিরের এখন গা সওয়া হয়ে গেছে। প্রথম ওভারটি ভালো না করলেও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখতে পারতেন আমির। কিন্তু তা আর হলো কই!

গত বছর আমিরের প্রত্যাবর্তনে শুরুতেই আপত্তি জানিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। কাল সেটি আবারও মনে পড়ল ইংল্যান্ড ইনিংসে। সপ্তম ওভারে আমিরের চতুর্থ বলে কুকের ব্যাট ছুঁয়ে গেল স্লিপে। সহজ ক্যাচটি প্রথম স্লিপে দাঁড়ানো হাফিজের হাত কীভাবে ফসকাল, সেটি বিস্ময়ই জাগাল। ২২ রানে জীবন পাওয়া কুক ফিরতে পারতেন ইনিংসের ২৬তম ওভারেও। এবার ক্যাচ ফেললেন উইকেটকিপার সরফরাজ। ৫৫ রানে আবারও জীবন পাওয়া কুক বিরতির পর ফিরেই পেছনে ফেললেন সুনীল গাভাস্কারকে।

এত দিন ওপেনিংয়ে সর্বোচ্চ ৯৬০৭ রান ছিল গাভাস্কারের। ৫৮ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছিলেন কুক। এতবার জীবন পেয়ে সে সুযোগ হাতছাড়া করেননি। ওই আমিরকে চার মেরেই গাভাস্কারকে পেরিয়েছেন কুক। তবে শেষ হাসি হেসেছেন আমিরই, ৮১ রানে তাঁর বলে বোল্ড কুক। অধিনায়ক ফিরতেই হঠাৎ ইংল্যান্ডের ব্যাটিংয়ে যেন ধরল চিড়।

কারণটা ওই ইয়াসির। ১ উইকেটে ১১৮ রান করে উড়তে থাকা ইংল্যান্ড যে মুখ থুবড়ে পড়ল তাঁর বোলিংয়েই। ৬৪ রানে ৫ উইকেট নিয়ে ত্রাস ছড়ালেন তিনি। সূত্র: স্টার স্পোর্টস।