মিসবাহর ব্যাটে পাকিস্তান ২২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৬ রানের ইনিংসটি খেলার পথে মিসবাহ ছবি: এএফপি
৫৬ রানের ইনিংসটি খেলার পথে মিসবাহ ছবি: এএফপি

সংগ্রহটা স্বস্তিদায়ক হল না পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার মতো দলকে সত্যিকারের চ্যালেঞ্জ জানাতে যে ধরনের সংগ্রহ প্রত্যাশিত, পাকিস্তানের মোট সংগ্রটা তার চেয়ে বেশ কমই। অকল্যান্ডে বৃষ্টি-বিঘ্নিত ইনিংসে টসে হেরে ব্যাট করে প্রোটিয়াদের বিপক্ষে নির্ধারিত ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২২ রান তুলেছে পাকিস্তান। মিসবাহ-উল হকের আরও একটি দুর্দান্ত ফিফটি এসেছে। এসেছে সরফরাজ আহমেদের ৪৯। ইউনিস খানের ব্যাট থেকেও এসেছে ৩৭। কিন্তু শেষ ৫ উইকেট মাত্র ১০ রানে হারিয়ে নিজেদের সংগ্রহটাকে স্বস্তিদায়ক উচ্চতায় নিতে পারেনি পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ছিলেন সফলতম বোলার। ৩০ রানে ৩ উইকেট তাঁর। কাইল অ্যাবট আর মরনে মরকেল নিয়েছেন দুটো করে উইকেট। একটি করে উইকেট ​ভাগাভাগি করে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স আর ইমরান তাহির।
পাকিস্তান আজ নিজেদের একাদশে দারুণ প্রয়োজনীয় একটা পরিবর্তন এনেছিল। পুরো বিশ্বকাপে ব্যর্থ নাসির জামশেদকে বসিয়ে আজ মাঠে নামানো হয়েছিল সরফরাজ আহমেদকে। তিনি হতাশ করেননি টিম ম্যানেজমেন্টকে। ৪৯ রান করে রান আউটের দুর্ভাগ্যের শিকার না হলে নিজেদের সংগ্রহটাকে আরও কিছু দূর হয়ত নিতে পারতেন ​তিনি। তবে সাজঘরে বসে থাকার জবাবটা তিনি দিয়েছেন বেশ ভালোভাবেই।
ইউনিস খানেরও প্রমাণ করার ছিল। তিনি কিছুটা নিজেতে কিছুটা চিনিয়েছেনও। ৩৭ রান করে থামে তাঁর ইনিংস। তবে পাকিস্তানের ইনিংসের উজ্জলতম অধ্যায় ছিল অধিনায়ক মিসবাহ-উল হকের ইনিংস। ৫৬ রান করে স্টেইনের বলে ফেরেন তিনি। আফ্রিদি অকল্যান্ডের দর্শকদের আনন্দ দিয়েছেন, তিনি যেমনটা দেন আর কী! ১৫ বলে ২২ রান আসে তাঁর ব্যাট থেকে। উমর আকমলের ব্যাট থেকে আসে ১৩ আর আগে আহমেদ শেহজাদ করে যান ১৮।
পাকিস্তানের স্কোরকে টপকে যাওয়ার জন্য ৪৭ ওভার পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দু’বার বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার ফল হিসেবে খেলাটি হচ্ছে ৪৭ ওভারের। আর এতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার লক্ষ্যমাত্রাও বেড়ে দাঁড়াচ্ছে ২৩২-এ। 
মজার একটা তথ্য দিয়ে ম্যাচ রিপোর্টটা শেষ করা যাক। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমে ব্যাট করা দলের পরাজয়ের রেকর্ডই বেশি। এই ব্যাপারটা ঘটছে কিছু দিন ধরেই। এই মাঠে অনুষ্ঠিত সর্বশেষ দশটি ম্যাচের ৮টিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। একটি ম্যাচ শেষ হয়েছে ‘টাই’ দিয়ে। মাত্র একটি ম্যাচে জিতেছে প্রথমে ব্যাট করা দল। সূত্র: স্টার স্পোর্টস।