মিসবাহর মুখে বাংলাদেশ-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লড়াই হয়েছে ব্যাটে-বলে, লড়াই হয়েছে মুখে মুখেও। খুলনা টেস্টে কাল সাকিব আল হাসান ও ওয়াহাব রিয়াজের বাগ্যুদ্ধ l প্রথম আলো
লড়াই হয়েছে ব্যাটে-বলে, লড়াই হয়েছে মুখে মুখেও। খুলনা টেস্টে কাল সাকিব আল হাসান ও ওয়াহাব রিয়াজের বাগ্যুদ্ধ l প্রথম আলো

তিনি হতাশ। সেটাই স্বাভাবিক। এত ভালো অবস্থানে থেকে টেস্ট জিততে না পারলে যেকোনো অধিনায়কই একটু হতাশ হবেন।
তিনি বিস্মিত। ভাবতে পারেননি ওই অবস্থা থেকেও প্রতিপক্ষ এভাবে ঘুরে দাঁড়াতে পারবে।
তিনি মুগ্ধ। ঘুরে দাঁড়ানোর কাজটা যেভাবে করেছে বাংলাদেশ তাতে মুগ্ধ না হয়ে উপায় কী!
তাই হতাশা ভুলে শেষ পর্যন্ত বিস্মিত ও মুগ্ধ পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হকের কণ্ঠেও বাংলাদেশ-স্তুতি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে তিনিও প্রশংসায় পঞ্চমুখ তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করে পাকিস্তানের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়ার নায়ক যে তাঁরা দুজনই।
তৃতীয় দিন শেষে যে অবস্থানে ছিল পাকিস্তান, সেখান থেকে বাংলাদেশের টেস্ট বাঁচানোর স্বপ্নটা একটু বাড়াবাড়ি ছিল বৈকি! বড় লিডের দিকে এগোচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সফরে আসার পর প্রথম জয়ের স্বপ্নও উঁকিঝুঁকি দিচ্ছে। সেটা আরও উজ্জ্বল হয় চতুর্থ দিন প্রথম সেশনে অলআউট হওয়ার আগে ২৯৬ রানের লিড পেয়ে যাওয়ায়। পরের দুই সেশনে তামিম আর ইমরুল পুরো দৃশ্যপটটাই পাল্টে দিলেন। ম্যাচের ভাগ্যটা ওই দুই সেশনেই নির্ধারিত হয়ে গিয়েছিল বলে মনে করেন মিসবাহ, ‘সব কৃতিত্ব তাদের। বিশেষ করে চতুর্থ দিনের ওই দুটি সেশনেই তারা ম্যাচ বাঁচিয়ে ফেলে। ওরা আমাদের পাল্টা-আক্রমণ করেছে। ওই ৬১ ওভারে ২৭৩ রান ম্যাচটার গতিপথ বদলে দেয়।’
আর সেই গতিপথ বদলে দেওয়ার কাজটাও তামিম-ইমরুল করেছেন কী অসাধারণভাবে! বিশাল রানের নিচে চাপা পড়ে নিজেদের গুটিয়ে নেওয়া তো দূরের কথা, উল্টো খেলেছেন পাকিস্তানি বোলারদের নিয়ে। বাহারি সব শট খেলেছেন, রান করেছেন পাল্লা দিয়ে। দুই বাংলাদেশি ওপেনারের শরীরী ভাষা চমকে দিয়েছে পাকিস্তানি অধিনায়ককে, ‘আমার মনে হয় ওরা দুজন অসাধারণ খেলেছে। তামিম-ইমরুল দুজনই ওদের ব্যাটিংটা উপভোগ করেছে। এত দীর্ঘ সময় ফিল্ডিং করে এসে এমন অসাধারণ ইনিংস, আমরা বিস্মিতই হয়েছি।’ শুধু তা-ই নয়, দ্বিতীয় ইনিংসের শুরুতেই যে তামিম-ইমরুল পাকিস্তানি বোলারদের চাপের মধ্যে ফেলেছেন, অকপটে স্বীকার করলেন সেই কথাটাও, ‘ওরা আমাদের বোলারদের চমকে দিয়েছে এবং খেই হারাতে বাধ্য করেছে। এটা তখনই হয়, যখন বোলাররা অপ্রত্যাশিত চাপে পড়ে। কিছু সময় আমরা নিয়ন্ত্রিত বোলিং করতে পারিনি এটা যেমন সত্যি, তেমনি সত্যি যে ওরা অসাধারণ সব শট খেলেছে।’
এত বড় লিড পেয়েও শেষ পর্যন্ত টেস্ট জিততে না পারায় একটু আক্ষেপ কি থাকছে? সংবাদ সম্মেলনে মিসবাহকে এমন প্রশ্নও করলেন পাকিস্তানেরই এক সাংবাদিক। জবাবে মিসবাহ আক্ষেপের চেয়ে বেশি করলেন বাংলাদেশ-স্তুতি, ‘এ রকম হতেই পারে। যদি আপনার প্রতিপক্ষ ভালো খেলে, তাহলে তাদের শ্রদ্ধা করতে হবে এবং সেটাকে বাহবাও দিতে হবে। আমি শুধু বলতে পারি, আমাদের বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে। যা যা করা দরকার সবই করেছে। কিন্তু ওরা আমাদের পুরোপুরি হারিয়ে দিয়েছে। অসাধারণ ইনিংস খেলেছে। এমন কোনো সুযোগই দেয়নি যেটা আমরা নিতে পারতাম।’