মিসবাহর যে কীর্তি আর কারও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়ো হাড়ের ভেলকি! ছবি: এএফপি
বুড়ো হাড়ের ভেলকি! ছবি: এএফপি

জ্যাক হবস ছিলেন ক্রিকেটের সত্যিকারের ওয়াইন। বয়স যত বেড়েছে, ততই যেন গুণ বেড়েছে। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির দুটি রেকর্ডই হবসের। একটি করেছিলেন ৪৫ বছর ২৩৯ দিন বয়সে। পরের বছর নিজের গড়া সেই রেকর্ড ভেঙে দিয়ে সেঞ্চুরি করেন ৪৬ বছর ৮২ দিন বয়সে। স্যার জ্যাকের ১৫ সেঞ্চুরির অর্ধেকেরই বেশি ৪০ পেরোনোর পরই! ৪১ বছর বয়স পার করেই করেছেন আটটি সেঞ্চুরি।

এখনকার ক্রিকেটে তা কল্পনাই করা কঠিন। শুধু এ সময়ের ক্রিকেট কেন, গত ৮২ বছরেই এত বয়সে আর কেউ সেঞ্চুরি করতে পারেননি! বয়স ৩৫-এর কোঠায় চলে এলেই তো অবসরের তোড়জোর শুরু হয়। সেখানে মিসবাহ যেন এ কালের হবস। ৪০ পেরিয়ে করেছেন পাঁচটি সেঞ্চুরি। বয়সের সীমাটাকে আর অল্প একটু বাড়ান। ৩৯ পেরিয়ে মিসবার সেঞ্চুরির সংখ্যা সাতটি! বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধার যেভাবে বাড়ছে, কে জানে, হবসকে হয়তো পেরিয়েই যাবেন।
তা পেরোন আর না-ই পেরোন, এরই মধ্যে পাকিস্তানের অধিনায়ক এমন কিছু কীর্তি গড়েছেন, তাতেই চোখ কপালে ওঠার জোগাড়। গতকাল লর্ডসে তাঁর সেঞ্চুরিটি এসেছে ৪২ বছর ৪৭ দিন বয়সে। টেস্ট ক্রিকেটের আর কোনো অধিনায়ক এত বুড়ো বয়সে সেঞ্চুরি করেননি। ৪০ পেরিয়ে পাঁচ সেঞ্চুরির কীর্তিও নেই আর কোনো অধিনায়কের।
পাকিস্তানের অধিনায়ক হিসেবেও এমন কীর্তি গড়েছেন যা দেশটির আর কারও নেই। অধিনায়ক হিসেবে আটটি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। পেরিয়ে গেলেন ইনজামাম-উল হকের সাত সেঞ্চুরির রেকর্ড। অধিনায়ক হওয়ার পরই যেন ধার বেড়েছে। অধিনায়ক হওয়ার আগে ৩৩ ইনিংসে করেছিলেন মাত্র দুই সেঞ্চুরি। অধিনায়ক হওয়ার পর ৭৪ ইনিংসে আটটি।
আসাদ শফিকের সঙ্গে তাঁর জমে বেশ। এ নিয়ে পঞ্চম উইকেটে শফিকের সঙ্গে সাতটি সেঞ্চুরি জুটি গড়লেন। পেরিয়ে গেলেন রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ জুটির গড়া ছয়টি সেঞ্চুরি পার্টনারশিপের রেকর্ড।
এই বুড়ো বয়সে এসে ক্রিকেট তীর্থে খেলার সুযোগ মিলল। আর তাতেই কী স্মরণীয় করেই না রাখলেন মিসবাহ! ইংল্যান্ডের মাটিতে এর আগে মাত্র দুজন পাকিস্তানি অধিনায়ক প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছিলেন। হানিফ মোহাম্মদ আর জাভেদ মিয়াঁদাদ। তবে এই দুজনই কিন্তু অধিনায়ক হওয়ার আগেও ইংল্যান্ডে খেলার সুযোগ পেয়েছিলেন, মিসবাহ এই প্রথম এই দেশে টেস্ট খেলছেন।
কাল যেভাবে সেঞ্চুরির পর বুক ডন দিলেন, মিসবাহর এখুনি থামার কোনো ইচ্ছা নেই। আর থামবেনই বা কেন? হবসকে পেরিয়ে যেতে হবে না!