মিসবাহর রেকর্ড-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা ক্রিকেট। এখানে কিছু অব্যাখ্যাত ঘটনা ঘটে। আর ঘটে বলেই ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। পরশু তেমনি একটি চমকই উপহার পেল ক্রিকেট। মিসবাহ-উল-হকের কাছ থেকে। ধীরস্থির ব্যাটিংয়ের কারণে ‘টুক টুক’ খ্যাত পাকিস্তানের অধিনায়ক এখন টেস্ট ক্রিকেটের দ্রুততম ফিফটির মালিক। পরশু ওই একই ইনিংসে ৫৬ বলে সেঞ্চুরি করে মিসবাহ ছুঁয়ে ফেলেছেন স্যার ভিভ রিচার্ডসের সবচেয়ে কম বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড।

কীভাবে সম্ভব হলো এটা? মিসবাহ্‌ই পরে এটির ব্যাখ্যা দিয়েছেন। দল ভালো অবস্থানে আছে, সেই সুযোগটা নিয়ে মিসবাহ চেয়েছিলেন যতটা সম্ভব দ্রুত আরও কিছু রান করতে। চেয়েছিলেন ৩ নম্বর ব্যাটসম্যান আজহার আলীকে সেঞ্চুরির সুযোগ দিতেও। দুইয়ে মিলিয়েই হয়ে গেল ইতিহাস।

ভিভকে ছোঁয়া। মিসবাহর কাছে এটা সারা জীবনে গল্প করার রসদ, ‘আমার কাছে এটাই (সেঞ্চুরি) সবচেয়ে বড় সম্মান, কারণ আমি তো তাঁর (রিচার্ডস) কাছাকাছি মানেরও কেউ নই। তবে সমানসংখ্যক বলে সেঞ্চুরি, এটা আমি সারা জীবনই মনে রাখব। আমি যখন ৪৫ বলে ৮০ করেছি তখন কে যেন বলল রেকর্ডটা ৫৬ বলের। ওটা না শুনলেও আমি প্রতিটি বল মারার চেষ্টাই করতাম। তখন তো দরকার ছিল ন্যূনতম সময়ে যতটা সম্ভব বেশি রান তোলা। এ ছাড়া আজহার আলী যাতে সেঞ্চুরিটা পায় সেই ভাবনাও ছিল। এভাবেই সুযোগটা এসে গেল।’ ক্রিকইনফো।