মিসবাহ-ইউনিস অধ্যায়ের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের শেষ ইনিংস খেলে ফেরার সময় সতীর্থদের গার্ড অব অনার পেলেন ইউনিস খান (বাঁয়ে) ও মিসবাহ-উল-হক দুজনেই। ছবি l টুইটার
ক্যারিয়ারের শেষ ইনিংস খেলে ফেরার সময় সতীর্থদের গার্ড অব অনার পেলেন ইউনিস খান (বাঁয়ে) ও মিসবাহ-উল-হক দুজনেই। ছবি l টুইটার

মাঠে নামার পর এগিয়ে এসে তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আউট হয়ে ফেরার সময় প্রথমে এসে জড়িয়ে ধরলেন সতীর্থ ইউনিস খান। পরে পাকিস্তান দলের বাকি সতীর্থরা নেমে এসে দিলেন গার্ড অব অনার। কিন্তু আসা ও যাওয়ার মাঝে মিসবাহ-উল-হক মাঠে থাকলেন মাত্র ১৪ বল, করলেন মাত্র ২ রান!
দেবেন্দ্র বিশুর বলে উইকেটের পেছনে শেন ডরউইচকে ক্যাচ দিয়ে মিসবাহ ফেরার একটু পর ইউনিস নিজেও ফিরলেন সেই বিশুর শিকার হয়ে। তাঁর ক্যাচটা নিলেন কাইরান পাওয়েল। ইউনিসের নামের পাশে তখন ৩৫ রান। আরও একবার সতীর্থরা নামলেন গার্ড অব অনার দিতে। এভাবেই শেষ হয়ে গেল পাকিস্তান ক্রিকেটে মিসবাহ-ইউনিস অধ্যায়। ডমিনিকা টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টানলেন দুজন। এ প্রতিবেদন লেখার সময় ডমিনিকা টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের রান ৫ উইকেটে ৭২। মোট লিড ২০১ রানের। প্রথম ইনিংসে মিসবাহ-উল-হকের দল করেছিল ৩৭৬ রান।
আগের তিনটা দিন অবশ্য বেশ ম্যাড়মেড়ে গেছে এই টেস্টের। দুই দলের প্রথম ইনিংস শেষ হতেই চতুর্থ দিন সকালের সেশন পর্যন্ত অপেক্ষা। নিষ্প্রাণ সেই ডমিনিকা টেস্ট চতুর্থ দিনেই কিছুটা প্রাণ পেয়েছে মোহাম্মদ আব্বাসের কল্যাণে। ক্যারিয়ারের তৃতীয়
টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট করে দিয়েছেন ২৭ বছর বয়সী পাকিস্তানি পেসার। আর তাতেই পাকিস্তান পেয়েছে ১২৯ রানের লিড। ক্রিকইনফো।