মিসবাহ-ওয়াকারের ওপর ক্ষুব্ধ ইউনুস

ম্যাচের চতুর্থ ইনিংসে অপরাজিত ১৭৭ রান করে পাকিস্তানকে এনে দিয়েছেন স্মরণীয় এক জয়। ৩৭৭ রান তাড়া করে জেতা সেই ম্যাচটি ইউনুস খানের ক্যারিয়ারেও নতুন জীবন এনে দিয়েছে। ম্যাচ সেরা সেই ইনিংসটা না খেললে জাতীয় দল থেকে চিরতরে ছিটকে পড়তেন বলে মনে করেন ইউনুস নিজেই। সরাসরি নাম উচ্চারণ না করলেও পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ইউনুস কঠোর সমালোচনা করেছেন মিসবাহ-উল হক আর ওয়াকার ইউনুসের।
‘এক্সপ্রেস’কে ইউনুস বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ১৭৭ রান না করলে কী হতো কে জানে। খুব সম্ভবত আমাকে দল থেকেই ছেঁটে ফেলা হতো। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এভাবে আচরণ করা ঠিক নয়। তাদেরকে আত্মবিশ্বাস দেওয়া উচিত। সব সময়ই পাকিস্তানের জন্য নিজেকে উজাড় করে দিয়ে খেলেছি।’
ওয়ানডে দল থেকেও তাঁকে বাদ দেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না ইউনুস, ‘আমি কেন ওয়ানডে খেলতে পারব না? আমার সমস্যাটা কোথায়? আমি কি ফিট নই, নাকি যোগ্য নই? জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে দলে নেওয়া হলে অবশ্যই রান করতাম। বিশ্বকাপেও খেলব কি খেলব না এমন সংশয়ের মধ্যে আমাকে রাখা হয়েছিল। হারিস সোহেলের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদম শেষ মুহূর্তে আমাকে একাদশে নেওয়া হয়। তবুও কিন্তু মূল্যবান ৩৭টি রান করেছিলাম। প্রত্যেক শক্তিশালী দলের বিপক্ষে আমার রান আছে। তার পরও কেন ওয়ানডেতে খেলতে পারব না?’
মিসবাহ তাঁর তুলনায় বাড়তি সুবিধা পেয়ে এসেছেন। তাই তাঁর সঙ্গে তুলনা করা যাবে না বলেও মন্তব্য ইউনুসের, ‘মিসবাহ নিচের দিকে ব্যাটিং করে। আমাকে শুরুর দিকে ব্যাটিং করতে হয়। নিজের দিকে ব্যাটিং করা সহজ, কারণ তখন বল পুরোনো হয়ে যায়। আমি ওর তুলনায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি ম্যাচ খেলেছি। তাই ওর সঙ্গে আমার কোনো তুলনা হতে পারে না।’
সেই সাক্ষাৎকারে ইউনুস খোলাখুলি বেশ কিছু প্রসঙ্গে কথা বলেছেন। অবসর নেওয়ার আগে আরও একবার জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। কোচ-অধিনায়কের পাশাপাশি বোর্ডের কিছু নীতিমালারও সমালোচনা করেছেন। বারবার জাতীয় দলে পরিবর্তন আনা, একজনকে যথেষ্ট সুযোগ না দেওয়া—এসব নিয়েও অসন্তোষ আছে তাঁর। শ্রীলঙ্কা সফরে টেস্টের পর ওয়ানডে সিরিজও জিতেছে পাকিস্তান। তবে দলের মধ্যে কোন্দলের যে গুঞ্জন আছে, সেটি ইউনুসের কথায় আরও একবার স্পষ্ট হলো। ইউনুসের এভাবে সমালোচনা করা উচিত হয়নি, প্রত্যেক খেলোয়াড়ের আচরণবিধি মেনে চলা উচিত বলে মন্তব্য করেছেন জাভেদ মিয়াঁদাদ। সূত্র: পিটিআই।