মিসেস ডি ভিলিয়ার্সও তো প্রতিভা!
এবি ডি ভিলিয়ার্স কী পারেন? ‘টুকটাক’ ব্যাট করতে পারেন, উইকেটকিপিং করতে পারেন, সেটা তো সবাই জানে। কৈশোরে দুর্দান্ত সাঁতারু ছিলেন, রাগবিও খেলেছেন জাতীয় পর্যায়ে। দক্ষিণ আফ্রিকার জুনিয়র হকি দলে সুযোগ তো প্রায় পেয়েই গিয়েছিলেন। টেনিস, ব্যাডমিন্টন আর গলফও দারুণ খেলতেন।

কাল টুইটারে যে ভিডিও আপলোড করলেন, সেটার পর আসলে বলা উচিত এবি ডি ভিলিয়ার্স কী পারেন না? গিটারে সুরের মূর্ছনা তুলতে পারেন, সেটা আগেই শোনা গিয়েছিল। কিন্তু সেটা এত পাকা হাত, সেটা অনেকেরই হয়তো জানা ছিল না। রোনান কিটিংয়ের ‘হোয়েন ইউ সে নাথিং অ্যাট অল’ গানের সঙ্গে গিটার বাজিয়েছেন এবি। গানও গেয়েছেন চমৎকার। তবে অবাক করেছেন তাঁর স্ত্রী ড্যানিয়েলে। দারুণ সুরেলা গলায় কণ্ঠ মিলিয়েছেন স্বামীর সঙ্গে। আসলেই, সুপারম্যানের সঙ্গিনী তো ওয়ান্ডার-ওম্যান হবেই! ও হ্যাঁ, আরও সুসংবাদ আছে। এবি জানিয়েছেন, সামনে আরও গান নিয়ে আসছেন!