মিয়াঁদাদ আহত করেছিলেন ইরফান পাঠানের বাবাকেও

২০০৩-০৪ মৌসুমে ভারতের পাকিস্তান সফরের কথা মনে আছে? ইরফান পাঠান তখন ফর্মের তুঙ্গে। বিশ্বের অনেক ব্যাটসম্যানের জন্যই এই বাঁহাতি ফাস্ট বোলার ছিলেন আতঙ্ক। সিরিজ শুরুর আগে পাকিস্তানের সেই সময়ের কোচ জাভেদ মিয়াঁদাদের সংবাদ সম্মেলনে অবধারিতভাবে আসে ইরফানের নাম। তাঁর ব্যাটসম্যানরা ইরফানকে সামলাবেন কীভাবে? সেই সংবাদ সম্মেলনে ইরফানের বিষয়টি উড়িয়ে দেন কিংবদন্তি মিয়াঁদাদ। বলেছিলেন, এমন বোলার পাকিস্তানের অলিগলিতে অনেক আছে। ইরফান কথাটা শুনে কষ্ট পেয়েছিলেন। পরের দিন সংবাদপত্রে খবরটি পড়ে আহত হন তাঁর বাবাও।
সেই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলে সিরিজের তৃতীয় সর্বোচ্চ ৮ উইকেট নেন ইরফান। ৩ টেস্টে ১২ উইকেট নিয়ে অনিল কুম্বলের পর হয়েছিলেন দ্বিতীয় সেরা উইকেট শিকারি। বল হাতে মিয়াঁদাদকে ঠিকই জবাব দিয়েছিলেন ইরফান। কিন্তু এতেও মন ভরেনি তাঁর বাবার। মিয়াঁদাদের সঙ্গে দেখা করে ওই কথার একটা কঠিন জবাব দিতে চেয়েছিলেন সিনিয়র ইরফান। সেই সময়ের কথা মনে করে সম্প্রতি ইরফান বলেছেন, ‘আমার যদ্দুর মনে পড়ে জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন পাঠানের মতো বোলার পাকিস্তানের প্রতিটা গলিতেই আছে। আমার মনে আছে খবরটি পড়ে বাবার খুব একটা ভালো লাগেনি।’
তারপর কী হয়েছিল সেটিও বলেন ইরফান, ‘বাবা শেষ ম্যাচের আগে পাকিস্তান চলে আসেন। আমাকে বলেছিলেন, “আমি পাকিস্তানের ড্রেসিংরুমে যেতে চাই। জাভেদ মিয়াঁদাদের সঙ্গে দেখা করতে চাই।” আমি বলেছিলাম সেখানে যাওয়ার দরকার নেই।’ মিয়াঁদাদ অবশ্য ড্রেসিংরুমের বাইরে এসে বাবা-ছেলেকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই ইরফানের বাবাকে মিয়াঁদাদ বলেন, ইরফানকে নিয়ে তেমন তিনি বলেননি। ইরফানের বাবা মৃদু হেসে মিয়াঁদাদকে বলেছিলেন, ‘আমি আপনাকে কিছু বলার জন্য এখানে আসিনি। আপনি যেহেতু অসাধারণ একজন ক্রিকেটার ছিলেন তাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি।’
সিরিজ শেষে অবশ্য মিয়াঁদাদ পুরো ভারত দলকে নিজ বাড়িতে নিমন্ত্রণ করেন। তাঁর আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন ভারতীয়রা। সেই সফরে ভারত দলে থাকা আশিস নেহরা বলেছেন, ‘আমার সেই নিমন্ত্রণের কথা এখনো মনে আছে। তাঁর বাড়ি এবং খাবার দুটিই ছিল বেশ দুর্দান্ত।’