মিয়াঁদাদকে টাকার কাঙাল বললেন আফ্রিদি

শহীদ আফ্রিদি নাকি টাকার জন্যই বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন—জাভেদ মিয়াঁদাদের এমন মন্তব্যে বেজায় খেপেছেন আফ্রিদি। ‘দাঁত ভাঙা’ এক জবাবই দিয়েছেন তিনি। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যানকে তিনি বলেছেন ‘টাকার কাঙাল’।
করাচিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসেই বোমাটা ফাটিয়েছেন আফ্রিদি, ‘টাকাটা সব সময়ই মিয়াঁদাদের জন্য বিশেষ ব্যাপার। কিন্তু মিয়াঁদাদের মতো একজন কিংবদন্তিতুল্য ক্রিকেটারের মুখে কারও সম্পর্কে এমন কুৎসা ঠিক মানায় না।’ আফ্রিদি মনে করেন, মানুষ তাঁকে ভালোবাসে আর এ জন্যই বিদায়ী ম্যাচ খেলতে পারলেন কি না, সেটি নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না।
আফ্রিদির এমন মন্তব্যে আবার চটেছেন মিয়াঁদাদ। রেগেমেগে আফ্রিদির বিরুদ্ধে ‘ম্যাচ পাতানো’রই অভিযোগ তুলেছেন।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেছেন, ‘আফ্রিদি অতীতে অনেকবারই ম্যাচ পাতিয়েছে। দেশকে বিক্রি করেছে। তার সময়ে পাকিস্তানের পুরো দলই ম্যাচ পাতানো অপরাধের সঙ্গে জড়িত ছিল।’
মিয়াঁদাদের মন্তব্য, ‘আফ্রিদির মন্তব্য খুবই দুঃখজনক। আমি ওকে ক্রিকেট খেলা শিখিয়েছি। সে এখন আর কোনো মহাতারকা নয়। সত্যি কথা বলতে কি, এটি সবারই স্বীকার করা উচিত যে আফ্রিদি একজন দায়িত্বজ্ঞানহীন ব্যাটসম্যান ও অধিনায়ক। সে আমার কাছে নিতান্তই এক শিশু। সিনিয়রদের প্রতি ওর আচরণ সব সীমাই ছাড়িয়ে গেছে।’ সূত্র : দ্য ডন।